মুর্শিদাবাদে রেল দুর্ঘটনায় তিন জনের মৃত্যুর পরেই কড়া পদক্ষেপ। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড গেটম্যান এবং সুপারভাইজারকে সাসপেন্ড করল পূর্ব রেল। শুক্রবার সকালে এই ঘোষণা করেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি। এর কিছুক্ষণের মধ্যেই গেটম্যানকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। তবে সুপারভাইজ়ারের বিরুদ্ধে এখনও পর্যন্ত সাসপেন্ড ছাড়া আর কোনও কড়া পদক্ষেপ করা হয়নি বলে জানা গিয়েছে। পাশাপাশি মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে পূর্ব রেল।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝের রেল গেট বন্ধ ছিল। হাওড়া-নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পরেই গেটম্যান ক্রসিং খুলে দেন বলে অভিযোগ। গেট খোলা দেখে স্কুল পড়ুয়াদের নিয়ে রেল লাইন পার হচ্ছিল একটি টাটা সুমো গাড়ি। তখনই তীব্র গতিতে চলে আসে নিমতিতা-কাটোয়া লোকাল, পিষে দিয়ে চলে যায় স্কুল ভ্যানকে। ঘটনাস্থলেই দুই পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে প্রাণ হারান এক যুবক। ঘটনায় আরও ৪ জন গুরুতর জখম বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার পরেই গেটম্যানের দিকে আঙুল তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। কর্ণসুবর্ণের আনিসুজ্জামানের কথায়, ‘হাওড়া-নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পরেই গেটম্যান লেভেল ক্রসিং খুলে দেন। এটা মোটেই উচিত হয়নি।’ গেটম্যান নেশাগ্রস্ত ছিলেন বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। এর পরেই গেটম্যান এবং সুপারভাইজ়ারকে সাসপেন্ড করার খবর পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যে গেটম্যানকে গ্রেপ্তারও করে বহরমপুর থানার পুলিশ।
ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন এডিআরএম-এর নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল। কী ভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখবেন তাঁরা। ইতিমধ্যেই মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যও ঘোষণা করেছে পূর্ব রেল। পাশাপাশি রাজ্য সরকারও ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে বলে জানা গিয়েছে।
জ়িরো টলারেন্স নীতি মেনে গোটা ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের এক উচ্চপদস্থ আধিকারিক। তাঁর কথায়, ‘এসব ক্ষেত্রে জ়িরো টলারেন্স নীতি মেনে চলে রেল। গোটা ঘটনার তদন্ত করে দেখা হবে।’ একই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য মেডিক্যাল টিম পাঠানো হয়েছে বলেও জানান তিনি।