• গভীর নিম্নচাপে ফুঁসছে শিলাবতী, চেনা ফর্মে ঘাটাল! ফের ভাসবে এলাকা? আতঙ্কে সবাই
    News18 বাংলা | ১৭ জুলাই ২০২৬
  • একদিকে ভরা বর্ষা, তার দোসর গভীর নিম্নচাপ। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে চলছে টানা মাঝারি থেকে ভারী বৃষ্টি। আর এই বৃষ্টির জেরে ঘাটালের নদীগুলির জলস্তর বাড়তে শুরু করায় ফের বন্যার আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। ‘ঘাটাল’ আর ‘বন্যা’ শব্দদুটি যেন একে অপরের সমার্থক। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আর কোনও ঝুঁকি নিতে নারাজ ঘাটাল মহকুমা প্রশাসন। নদীর জল বাড়তেই বন্যা মোকাবিলায় আগাম জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গেল ঘাটালে।

    টানা বৃষ্টিতে ইতিমধ্যেই ঘাটালের মনসুকাতে ফুঁসতে শুরু করেছে ঝুমি নদী। জলের তোড়ে ভেঙে গিয়েছে নদীর ওপরের ছ’টি বাঁশের সাঁকো। ফলে ওই এলাকায় যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাধ্য হয়েই এখন নৌকায় চলছে যাত্রী পারাপার। অন্যদিকে, বর্ষা এলেই শিলাবতী নদীর জলে প্লাবিত হয় ঘাটাল শহর ও বিস্তীর্ণ গ্রামীণ এলাকা। জলের তলায় চলে যায় রাস্তাঘাট, ঘরবাড়ি ও কৃষিজমি। লক্ষাধিক মানুষ গৃহবন্দি হয়ে পড়েন, আর যাতায়াতের একমাত্র সম্বল হয়ে দাঁড়ায় নৌকা বা ডিঙি। এবারও সেই আশঙ্কাই জোরালো হচ্ছে।

    পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, তাই আগেভাগেই ময়দানে নেমেছে প্রশাসন। রাজ্য সরকারের নির্দেশে ইতিমধ্যে পর্যাপ্ত ত্রাণ মজুত করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার কাজও চলছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকম রূপরেখা তৈরি রেখেছে প্রশাসন।ইতিমধ্যেই ঘাটালের জলমগ্ন এলাকাগুলি ঘুরে দেখেছেন মহকুমা শাসক অনন্যা জানা, মহকুমা পুলিশ আধিকারিক সপ্তর্ষি ভট্টাচার্য, ঘাটাল থানার ওসি তিমির লেট সহ অন্যান্য আধিকারিকরা।

    বেশ কয়েক বছর আগে ঘাটালের প্রতাপপুরে শিলাবতী নদীর বাঁধ ভেঙে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। পরিস্থিতি সামলাতে উদ্ধারকার্যে নামাতে হয়েছিল বায়ুসেনা। সেই এলাকাটিও বিশেষভাবে পরিদর্শন করেন প্রশাসনিক কর্তারা। এছাড়া, সম্প্রতি ঘাটাল পঞ্চায়েত সমিতিতে বন্যা প্রস্তুতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটও। সব মিলিয়ে, নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে দুর্যোগের চোখরাঙানির মাঝে আগাম প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না মহকুমা প্রশাসন।
  • Link to this news (News18 বাংলা)