• মদের গন্ধ মানেই চালক মদ্যপ নয়, স্পষ্ট করল হাইকোর্ট, এ রাজ্যে কী নিয়ম?
    এই সময় | ১৭ জুলাই ২০২৬
  • গা থেকে মদের গন্ধ বেরোলেই প্রমাণ হয় না যে, গাড়িচালক মদ্যপান করে রয়েছেন। কেউ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছেন কি না, তা প্রমাণ করতে ‘ব্রেথ অ্যানালাইজ়ার’ যন্ত্র দিয়ে বা রক্ত পরীক্ষা করেই জানতে হবে। একটি মামলায় এ কথা জানিয়ে দিল উত্তরাখণ্ড হাইকোর্ট।

    বদ্রীনাথ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল উত্তরাখণ্ডের চামোলির বাসিন্দা অমর সিংয়ের গাড়ি। তাতে এক যাত্রীর মৃত্যু হয়। আহতও হন কয়েক জন। এই ঘটনায় পুলিশ দাবি করেছিল, ঘটনার সময়ে অমর নেশাগ্রস্ত ছিলেন। চামোলির নিম্ন আদালত পুলিশের এই দাবি মেনে নিয়ে যাবতীয় নির্দেশ দিয়েছিল। তার বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অমর।

    উচ্চ আদালতের বিচারপতি অলোক মেহরা বেঞ্চ পুরো বিষয়টি খতিয়ে দেখে জানায়, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চালকের শরীর থেকে অ্যালকোহলের গন্ধ পাওয়ার কথা বলা হলেও, তিনি কতটা নেশাগ্রস্ত ছিলেন, তা নিশ্চিত করতে রক্ত বা নিঃশ্বাস পরীক্ষা (‘ব্রেথ অ্যানালাইজ়ার’ যন্ত্র দিয়ে) করা হয়নি।

    তা ছাড়া, হাইকোর্ট জানিয়েছে, আচমকা টায়ার বিস্ফোরণের কারণেই ঘটনার দিন গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পরীক্ষা করে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকেই সে কথা জানা গিয়েছে। এর ভিত্তিতেই অমরের বিরুদ্ধে ওঠা অপরাধমূলক হত্যার মামলা খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।

    এ রাজ্যে কী হয়?

    অনেক সময়ে যে এমন অভিযোগ ওঠেনি—তা নয়। তবে রাজ্যে এই নিয়মই মেনে চলা হয় বলেই দাবি পুলিশের। রাজ্য পুলিশের এক কর্তার দাবি, ব্রেথ অ্যানালাইজ়ার যন্ত্রে যদি দেখা যায়, অ্যালকোহলের মাত্রা বিপদসীমার উপরে, তখনই পদক্ষেপ করা হয়। শরীর থেকে মদের গন্ধ পাওয়া গেলে, শুধুমাত্র তার ভিত্তিতে গাড়িচালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় না বলেই কলকাতা থেকে জেলা, একাধিক পুলিশ কর্তার দাবি।

  • Link to this news (এই সময়)