• গেটম্যানের ভুলেই মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনা?
    আজকাল | ১৭ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দুর্ঘটনার পরেই স্থানীয়রা অভিযোগের আঙুল তোলেন গেটম্যানের দিকে। ঘটনার কয়েকঘণ্টায় তৎপর রেল। ইতিমধ্যে গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে, মেডিক্যাল টেস্টের জন্য তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে রেল কর্তৃপক্ষ গেটম্যান এবং সুপারভাইজারকে সাসপেন্ড করে তদন্ত শুরু করেছে। শুক্রবার সকালে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ এবং গোবিন্দপুর স্টেশনের মাঝে একটি  লেভেল ক্রসিং পার করার সময় হঠাৎই ছাত্র ভর্তি একটি পুলকার দুর্ঘটনায় পড়ে। নিমতিতা-কাটোয়া ডাউন প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় এখনও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।   এই ঘটনার পর ওই লাইন দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। রেলের কর্মীরা 'ট্র্যাক' থেকে গাড়িটি সরানোর চেষ্টা করছেন। 

    এই ঘটনার পরই পূর্ব রেলের তরফ থেকে এডিআরএমের নেতৃত্বে ১০ সদস্যের একটি তদন্তকারী দল হাওড়া থেকে বিশেষ ট্রেনে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা হয়েছেন। এর পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য রেলের তরফ থেকে একটি চিকিৎসক দলকেও মুর্শিদাবাদে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। 

    দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকাল দশটা নাগাদ এলাকায় পৌঁছে যান রেলের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ঘটনাস্থলে পৌঁছে তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং গোটা এলাকাটি সরোজমিনে খতিয়ে দেখেন। সাংবাদিক মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, 'গেটম্যানই মূল অপরাধী, সে সতর্কতা নেয়নি। ট্রেন যখন চলছিল সেই সময় গেট খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়ার কারণে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটল।' তাঁর আরও সংযোজন, 'দেশে হাইড্রোজেন ট্রেন, বুলেট ট্রেন চালু হচ্ছে কিন্তু বুনিয়াদি পরিকাঠামোর উন্নতি হচ্ছে না। সেটা করতে না পারার জন্য এই দুর্ঘটনা।' 

    তিনি প্রশ্ন তোলেন, 'কেন ওই গেটম্যান লেভেল ক্রসিং খুলে দিল? তাহলে কি সে সাধারণ বিষয়গুলো সে জানে না। তাকে কি প্রশিক্ষণ দেওয়া হয়েছিল না তাকে কোনও বেসরকারি কোম্পানি থেকে চুক্তিভিত্তিতে নিযুক্ত করা হয়েছিল? আমি ইতিমধ্যে রেল মন্ত্রী অশ্বনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছি গোটা বিষয়টি নিয়ে।  এই এলাকায় রেলের একটি আন্ডারপাস বা ওভার ব্রিজ করা দরকার রয়েছে।'  এই দুর্ঘটনার পর রেলের  তরফ থেকে মৃত ব্যক্তিদের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

     
  • Link to this news (আজকাল)