আমূলের ডেয়ারি কারখানার শিলান্যাস, আরও কী কী? রাতেই আসছেন শাহ
আজ তক | ১৭ জুলাই ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ, শুক্রবার রাতে রাজ্য সফরে আসছেন। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর পর তিনি শিলিগুড়ির বিএসএফ ফ্রন্টিয়ার সদর দফতরে রাতে থাকবেন। সূত্রের খবর, আগামী দু'দিন উত্তরবঙ্গ ও কলকাতায় একাধিক গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
শুক্রবার রাত ৯টায় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ। সেখান থেকে রাত ৯টা ১৫ মিনিটে তিনি শিলিগুড়ির কদমতলায় বিএসএফ ফ্রন্টিয়ার সদর দফতরে যাবেন। সেখানেই তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে।
শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে তিনি শিলিগুড়ির জুমাগাছে বিএসএফের ১৮তম ব্যাটালিয়নের সীমা চৌকিতে পৌঁছবেন। সেখানে প্রহরী সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বৃক্ষরোপণ করবেন। এছাড়া বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে।
এরপর দুপুর ২টো থেকে শিলিগুড়ির উত্তরকন্যা সভাগৃহে বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল ৪টা ৪০ মিনিট থেকে পশ্চিমবঙ্গে নতুন ফৌজদারি আইন কার্যকর করা নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করবেন তিনি। সন্ধে ৬টা ১৫ মিনিটে একই জায়গায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত আরেকটি বৈঠকে যোগ দেবেন।
শনিবার রাত ৮টা ৫৫ মিনিটে তিনি কলকাতায় পৌঁছে আলিপুরের সৌজন্য গেস্ট হাউসে থাকবেন। রবিবার সকাল ১১টা থেকে আলিপুরের সৌজন্য গেস্ট হাউসে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন অমিত শাহ। এরপর দুপুর ২টোয় আলিপুরের ন্যাশনাল লাইব্রেরিতে নবনির্মিত ‘ওয়ার্ড মিউজিয়াম’-এর উদ্বোধন করবেন তিনি।
বিকেল ৪টেয় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমুল বেঙ্গল ডেইরির নতুন দই উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার মাধ্যমে তাঁর পশ্চিমবঙ্গ সফরের সরকারি কর্মসূচি শেষ হবে।