ভোটার তালিকায় নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, বাংলার SIR মামলা ফের স্পষ্ট করল সুপ্রিম কোর্ট
আজ তক | ১৭ জুলাই ২০২৬
ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় যাঁদের নাম বাতিল হয়ে গিয়েছে, তাঁদের অনেকের মধ্যেই একটি ধারণা জন্মেছে, ভারতের নাগরিকত্ব চলে গিয়েছে। সেই ভ্রম দূর করল সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দিল, ভোটার লিস্টে নাম না থাকা মানেই নাগরিকত্ব চলে যাওয়া নয়। নাগরিকত্বের বিষয়টি একটি পৃথক প্রক্রিয়া।
সুপ্রিম কোর্ট আজ পশ্চিমবঙ্গের SIR মামলার শুনানিতে জানাল, কাউকে নাগরিকত্ব দেওয়া বা কেড়ে নেওয়া নির্বাচন কমিশনের অধিকার নয়। কমিশনের অধিকার শুধুমাত্র ভোটার লিস্ট নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ পর্যন্তই সীমিত। সুপ্রিম কোর্ট এও স্পষ্ট করেছে, এই আইনি অবস্থান নিয়ে কোনও বিভ্রান্তি নেই।
নাগরিকত্ব বাতিলের অধিকার নেই নির্বাচন কমিশনের
শীর্ষ আদালত বলেছে, যদি কোনও ট্রাইব্যুনাল এসআইআর তালিকায় কোনও ব্যক্তির নাম অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেয়, তবে নির্বাচন কমিশনকে নাগরিকত্ব নির্ধারণের জন্য বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রকে পাঠাতে হবে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় না। সর্বোচ্চ আদালত সেই আবেদনটিও শুনানির জন্য গ্রহণ করেছে। এই পিটিশনে পশ্চিমবঙ্গের এসআইআর (SIR)-এর ভিত্তিতে নির্বাচনী এলাকা অনুযায়ী তথ্য চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট আগামী ২৫ অগাস্ট পিটিশনটির পরবর্তী শুনানি করবে।
SIR-এর সঙ্গে নাগরিকত্বের সরাসরি সম্পর্ক নেই
সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে, নাগরিকত্ব নির্ধারণ করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে যে এসআইআর এবং ভোটার তালিকার সঙ্গে নাগরিকত্বের কোনও সরাসরি সম্পর্ক নেই। সম্প্রতি ঝাড়খণ্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দাবি করা হয়েছে যে, নাগরিকত্ব হারানোর ভয়ে এসআইআর (SIR) ফর্ম পূরণ করার জন্য ৫০ থেকে ১০০ টাকা জোর করে আদায় করা হচ্ছিল। এই টাকা খরচ হিসেবে নেওয়া হচ্ছিল।
জনকল্যাণ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না
এর আগে এই সংক্রান্ত শুনানিতেই দেশের শীর্ষ আদালত জানায়, এসআইআর-এ বাদ যাওয়া ব্যক্তিদের জনকল্যাণ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। গত ৪ জুন রাজ্য সরকারের পক্ষ থেকে এক নির্দেশিকায় বলা হয়,ভোটার তালিকায় বাদ যাওয়া লোকজন বিনামূল্যে রেশনের সুবিধা পাবেন না। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে। অন্যতম আবেদনকারী মহিবুল্লা মণ্ডলের যুক্তি ছিল, তাঁরা এসআইআর তালিকায় নাম বাদ যাওয়ার বিরুদ্ধে অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন করেছেন। এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে রেশনের সুবিধা পাওয়া যায়। কোর্ট জানিয়েছে, ভোটার তালিকা থেকে কোনও ব্যক্তির নাম বাদ দেওয়া হলেও, আইন অনুযায়ী প্রাপ্য জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধার অধিকার থেকে স্বয়ংক্রিয়ভাবে তাঁকে বঞ্চিত করা যাবে না।