ভারতীয় রেলের মুকুটে নয়া পালক, দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন উদ্বোধন মোদির, কী এর বিশেষত্ব?
প্রতিদিন | ১৭ জুলাই ২০২৬
ইতিহাস তৈরি করল ভারতীয় রেল। বৃহস্পতিবার দেশের প্রথম হাইড্রোজেন-চালিত ট্রেনের (Hydrogen Train) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাথমিকভাবে হরিয়ানায় ৮৯ কিলোমিটার দূরত্বের জিন্দ-সোনিপত রুটে চলবে দূষণমুক্ত আধুনিক ইকো-ফ্রেন্ডলি প্রযুক্তির এই ট্রেন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করা হয়। ডিজেলচালিত ট্রেনগুলির তুলনায় এটি অনেক বেশি পরিবেশবান্ধব। বিশেষ প্রযুক্তির ব্যবহারে হাইড্রোজেন সংরক্ষণ ও রিফুয়েলিংয়ের সুবিধাও রয়েছে। উদ্বোধনের আগে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “এই বিশেষ ট্রেন রয়েছে এমন অল্প কয়েকটি দেশের এলিট গ্রুপে জায়গা করে নিল ভারত। রেলের ক্ষেত্রে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন প্রযুক্তির ব্যবহারে এই পদক্ষেপ দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।”
কী বিশেষত্ব হাইড্রোজেন ট্রেনের?
১) ১০ কোচের অত্যাধুনিক ট্রেন চলে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে।
২) ২টি ড্রাইভিং পাওয়ার কার এবং ৮টি ট্রেইলার কোচ রয়েছে।
৩) ট্রেনের চালিকাশক্তি ১২০০ কিলোওয়াটের ‘প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল’। এই প্রযুক্তিতে উচ্চচাপে থাকা সিলিন্ডার থেকে হাইড্রোজেন গ্যাস ও বাতাসের অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে।
৪) সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭৫ কিলোমিটার হলেও এর ডিজাইন স্পিড ঘণ্টায় ১১০ কিলোমিটার।
৫) একসঙ্গে প্রায় ২৬০০ যাত্রী এই ট্রেনে যাতায়াত করতে পারবেন।
৬) এটি জিন্দ জংশন, গোহানা জংশন ও সোনিপতকে সংযুক্ত করবে। মধ্যবর্তী স্টেশনগুলিও পরিষেবা পাবে।
৮) শুক্রবারের ঐতিহাসিক সূচনার পর হাইড্রোজেন ট্রেন চালানো বিশ্বের গুটিকয়েক দেশের তালিকায় নিজের নাম নথিভুক্ত করল ভারত। এর আগে সফলভাবে হাইড্রোজেন ট্রেন চালিয়েছে জার্মানি, চিন, জাপান ও আমেরিকা।