• বেরলেই ডিমথেরাপি! বাড়ির সামনে অপেক্ষায় জনতা, তড়িঘড়ি ঋতব্রত শিবিরে মমতা ঘনিষ্ঠ তাপস
    প্রতিদিন | ১৭ জুলাই ২০২৬
  • বেরলেই ডিমথেরাপি! তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে ডিম হাতে স্থানীয় বাসিন্দাদের একাংশ। উঠল চোর চোর স্লোগান। কয়েক ঘণ্টা পরে বিধানসভায় ‘আসল তৃণমূল’ নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন সেই তাপসই! ঘটনা পরম্পরা নিয়ে রীতিমতো শোরগোল ছড়িয়েছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে এবার ঋতব্রত শিবিরে যোগ রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়কের। সেই জল্পনা সত্য করে পরে তাপস জানালেন, তিনি এবার ঋতব্রত শিবিরে।

    এবারও রাজারহাট নিউটাউন কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছিলেন দীর্ঘদিনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। যদিও বিজেপি প্রার্থীর কাছে তিনি ভোটে পরাজিত হন। ভোটের ফলপ্রকাশের পর বেশ কিছুদিন প্রতিবাদ কর্মসূচিতে তাঁকে রাস্তায় দেখা গিয়েছিল। তবে দিন কয়েক আর তাঁকে দেখা যায়নি। এদিকে তাপসের বিরুদ্ধে দুর্নীতি, জমি দখল, গুন্ডারাজ, কাটমানি-সহ একাধিক অভিযোগ উঠতে শুরু করে। তৃণমূলের বিধায়ক থাকাকালীন তাঁর বিরুদ্ধে রাশি রাশি অভিযোগ উঠেছে। কিন্তু তৃণমূল ক্ষমতায় থাকার কারণে তাঁর বিরুদ্ধে কোনও সাধারণ মানুষ মুখ খুলতে পারতেন না! এখন বিজেপি ক্ষমতায় আসার পর তাঁর বিরুদ্ধে এলাকায় ক্ষোভ-বিক্ষোভ দেখা দিয়েছে। 

    সেই ক্ষোভই এবার দেখা গেল নারায়ণপুরের লালকুঠির প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে। ক্ষুব্ধ জনতা এদিন সকালে তাঁর বাড়ির সামনে ডিম হাতে হাজির হন। তাপস বাড়ি থেকে বেরলেই ডিম ছোড়া হবে! তেমনই দাবি করেন বিক্ষোভকারীরা। বিধায়ক থাকাকালীন তাঁর বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল। সেইসব বিষয় তুলে তাঁর গ্রেপ্তারি, শাস্তির দাবি জানানো হয়। ‘চোর চোর’ স্লোগানও তোলা হয়! নারায়ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। এলাকায় চাপা ক্ষোভও দেখা যায়। তবে তাপস চট্টোপাধ্যায়কে সামনে দেখা যায়নি।

    এদিন দুপুরেই রাজ্য বিধানসভায় দেখা যায় তাপস চট্টোপাধ্যায়কে। রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। ‘আসল’ তৃণমূলের অন্যান্য নেতার সঙ্গেও তিনি দেখা করে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার সঙ্গে তাঁকে কথা বলতেও দেখা যায়। তিনি কালীঘাট তৃণমূলের সঙ্গ ছেড়ে ‘আসল’ তৃণমূলে যোগ দিয়েছেন। সেই কথাও তিনি জানিয়েছেন।
  • Link to this news (প্রতিদিন)