ট্রেনের ধাক্কায় দলা পাকানো স্কুল ভ্যানে মৃতের সংখ্যা বেড়ে ৫! গ্রেফতার অভিযুক্ত গেটম্যান
News18 বাংলা | ১৭ জুলাই ২০২৬
: গেটম্যানের চরম গাফিলতি ও উদাসীনতার জেরে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত কর্ণসুবর্ণ স্টেশন সংলগ্ন গোবিন্দপুর রেলগেটে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ হাওড়া ডিভিশনের কাটোয়া-আজিমগঞ্জ শাখার এই রেলগেটে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় ৭ জন স্কুল পড়ুয়া বোঝাই একটি টাটা সুমো গাড়ি। এই মর্মান্তিক দুর্ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৪ শিশু-সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার কিছুক্ষণ আগেই ওই লাইন দিয়ে আপ নবদ্বীপ ধাম এক্সপ্রেস পার হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই সময় নিয়ম মেনেই গেট ফেলা হয়েছিল। কিন্তু তার ঠিক পরেই যখন কাটোয়াগামী নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি আসছিল, তখন রেলগেটটি খোলা ছিল। লাইনে কোনও ট্রেন আসবে না ভেবেই স্কুল গাড়িটির চালক রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই দ্রুত গতির প্যাসেঞ্জার ট্রেনটি এসে গাড়িটিতে সজোরে ধাক্কা মারে। লাইনের উপর খেলনার মতো দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। একই সময়ে লাইনের ধার দিয়ে যাওয়া এক সাইকেল আরোহীও ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতরা ফারহানা বেগম (৭), জাসিকা শবনম (৮), জামশেদ শেখ (৫০), ইসানুর রহমান (৫) এবং তামান্না পারভিন (৭)। এদের মধ্যে প্রথম তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং বাকি দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করে। আহতদের উদ্ধার করে প্রথমে কর্ণসুবর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সুমো গাড়ির চালক সাহেব শেখ ও স্কুল পড়ুয়া আনিশা খাতুনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া বিশ্বেশ্বর মণ্ডল ও শামীমা খাতুন নামে আরও দুই জন বর্তমানে কর্ণসুবর্ণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনার পর থেকে এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই রেলের তরফে গেটম্যান ও সুপারভাইজারকে সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্ত গেটম্যানকে পুলিশ গ্রেফতার করেছে এবং রেলের তরফে পুরো ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।