• বারাসাত মেডিক্যাল কলেজে দীর্ঘদিনের রাস্তায় পাঁচিল! তুমুল বিক্ষোভ সামলাতে বিশাল পুলিশ বাহিনী
    News18 বাংলা | ১৭ জুলাই ২০২৬
  • : দীর্ঘ বছর ধরে এই পথেই চলাচল করছিলেন এলাকার মানুষজন। বারাসাত মেডিক্যাল কলেজের ভিতর দিয়ে যাওয়া সেই রাস্তাতেই এবার উঠল পাঁচিল। প্রতিবাদে উত্তাল এলাকা, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ আটক ২। বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পূর্বদিকে থাকা একটি রাস্তার মাঝেই পাঁচিল তোলাকে কেন্দ্র করে শুক্রবার এই তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বহু বছর ধরে হাসপাতালের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা, রোগী এবং তাঁদের পরিবারের সদস্যরা হাসপাতাল-সহ যাতায়াতের জন্য এই রাস্তা ব্যবহার করে আসছিলেন। হঠাৎ করেই হাসপাতাল কর্তৃপক্ষ ওই রাস্তায় পাঁচিল দিয়ে বন্ধ করার কাজ শুরু করলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ।

    স্থানীয়দের দাবি, রাস্তা বন্ধ হয়ে গেলে তাঁদের দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে ঘটনাস্থলে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বাধে। পরিস্থিতি সামাল দিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দা ও রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। একসময় উত্তেজনা আরও বাড়লে পুলিশ হস্তক্ষেপ করে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করা হয়েছে। যদিও তাঁদের বিরুদ্ধে কী অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার জেরে হাসপাতাল চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কেন দীর্ঘদিনের ব্যবহৃত রাস্তা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে মনে করা হচ্ছে নিরাপত্তার কারণেই এমন সিদ্ধান্ত।

    প্রসঙ্গত অতীতেও একবার এই রাস্তা বন্ধ করে পাঁচিল তোলার চেষ্টা চালানো হয়েছিল, তবে সেক্ষেত্রে স্থানীয়দের প্রতিবাদে থমকে যায় কাজ। এদিনও এই রাস্তা হাসপাতাল কর্তৃপক্ষ বন্ধ করলে দ্রুত তা বিবেচনা করে প্রত্যাহারের দাবী জানাচ্ছেন এলাকার মানুষজন। তাদের দাবি এই রাস্তা বন্ধ করে দেওয়া হলে তাদের প্রয়োজনে প্রায় কয়েক কিলোমিটার ঘুরে যেতে হবে। তারা চাইছেন ৬০ বছরের অধিক সময় ধরে চলে আসা এই রাস্তার বিষয়টি অবিলম্বে হাসপাতাল কর্তৃপক্ষ মিটিয়ে চলাচলের রাস্তা পুনরায় ঠিক করে দিক।
  • Link to this news (News18 বাংলা)