• জেলায় জেলায় বিশ্বকাপ ফাইনালের লাইভ স্ক্রিনিং, ফুটবলপ্রেমীদের জন্য বড় উদ্যোগ সরকারের
    এই সময় | ১৮ জুলাই ২০২৬
  • ফুটবল অনুরাগীদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। জেলায় জেলায় ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলা দেখানোর উদ্যোগ নিল রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর। আগামী ২০ জুলাই রাত সাড়ে বারোটায় প্রতি জেলায় নির্দিষ্ট স্থানে বড় স্ক্রিনে খেলা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির জন্য প্রতি জেলায় ১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

    যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডের জারি করা নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি জেলায় বড় পর্দায় লাইভ স্ক্রিনিংয়ের উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ফুটবল সংস্কৃতির কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পরিকাঠামো, নিরাপত্তা ও প্রচারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

    রবিবার রাতে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্তিনা। গতবারের চ্যাম্পিয়নদের লড়াই করতে হবে লুই দে লা ফুয়েন্তের দলের সঙ্গে। লামি‍নে ইয়ামাল ও মেসির প্রতিদ্বন্দ্বিতা দেখতে প্রস্তুত ফুটবলপ্রেমীরা। একাধিক ক্লাব, সংগঠনের তরফে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় খেলা দেখার ব্যবস্থা প্রতিবারেই হয়ে থাকে। তবে রাজ্যের তরফে এই উদ্যোগ অভিনব বলেই মনে করছেন ফুটবলপ্রেমীরা।

    উল্লেখ্য, কলকাতাতেও একই ভাবে ফাইনাল ম্যাচ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে খেলার জন্য স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হবে। অন্য দিকে, জেলাতেও সরকারি কোনও হল বা গুরুত্বপূর্ণ স্থানে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে বলে খবর।

  • Link to this news (এই সময়)