• শ্যাম স্টিলের কারখানা হলে কত চাকরি? জানালেন শুভেন্দু
    আজকাল | ১৮ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিল গোষ্ঠীর প্রায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগে ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, কারখানার কাজ সম্পন্ন হলে কমপক্ষে ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

    তিনি বলেন, ‘স্থানীয় যুবকদের অন্য রাজ্যে কাজের জন্য পাড়ি দিতে হবে না। যারা ইতিমধ্যেই বাইরে কাজ করছেন, তাঁদের অনেকেই রাজ্যে ফিরে এসে কাজের সুযোগ পাবেন। সব মিলিয়ে প্রায় ২০ হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে।’

    মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘রাজ্যে শিল্পায়নের নতুন অধ্যায় শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং পশ্চিমবঙ্গের শিল্পভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী হবে।’

    শুক্রবার অনুষ্ঠানের মঞ্চ থেকে শুভেন্দু জানান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো জেলাগুলিতে বড় শিল্প না এলে সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন সম্ভব নয়।

    শিল্প গড়ে উঠলে আনুষঙ্গিক শিল্পেরও বিকাশ হবে, একই সঙ্গে রাজ্যের রাজস্ব আয়ও বাড়বে বলে তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী জানান, শ্যাম স্টিলের এই প্রকল্পে মোট প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে।

    এর মধ্যে ২ মিলিয়ন টন বার্ষিক উৎপাদন ক্ষমতাসম্পন্ন ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট গড়তে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। পাশাপাশি প্রতিরক্ষা উৎপাদন, রিয়েল এস্টেট, ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ, ইঞ্জিনিয়ারিং-সহ একাধিক ক্ষেত্রে আরও প্রায় ৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

    শিল্পক্ষেত্রে রাজ্যের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, ‘শিল্পবান্ধব পরিবেশ তৈরি করে রাজ্যে আরও বড় বিনিয়োগ টানাই সরকারের লক্ষ্য। এই ধরনের প্রকল্প পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’

    এর পাশাপাশি চলতি বছরে রাজ্যে আরও শিল্প আসার বার্তা দিয়েছেন শুভেন্দু। জানান, চলতি বছরের আগস্ট মাসেই দুর্গাপুরে ৪,০০০ কোটি টাকার নতুন স্টিল প্ল্যান্টের জন্য বিনিয়োগ হওয়ার কথা রয়েছে।

    এই প্রকল্পের মাধ্যমে ইস্পাত উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের উৎপাদন সম্প্রসারণ প্রকল্পের কথাও উল্লেখ করেন।

    জানান, হোসিয়ারি ও গার্মেন্টস উৎপাদন বাড়াতে নতুন বিনিয়োগ করা হচ্ছে। সাঁকরাইলে আমূলের প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগে ডেয়ারি কারখানার কথাও উল্লেখ করেন তিনি।

    শুভেন্দু জানান, পুজোর আগেই নদিয়া জেলার হরিণঘাটায় ফ্লিপকার্টের হাব পুরোদমে চালু হয়ে যাবে। পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে যে আদানি গোষ্ঠী বিনিয়োগ করতে ইচ্ছুক সে কথাও জানান মুখ্যমন্ত্রী।

    শিল্পপতি এবং বিনিয়োগকারীদের আশ্বাস দিয়ে তিনি গুন্ডাদমন আইনের কথা উল্লেখ করে বলেন, ‘কারখানার গেটে যে তালা লাগাবে তাঁকে হাজতের ভিতরে থাকতে হবে। কোনও গুন্ডাগিরি চলবে না। নো সিন্ডিকেট, নো কাটমানি।’
  • Link to this news (আজকাল)