• শ্রাবণ সোমবারে তারকেশ্বরে পুষ্পবৃষ্টি, এত ফুল আসবে কোথা থেকে? মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশির হাওয়া
    News18 বাংলা | ১৮ জুলাই ২০২৬
  • হুগলির তারকেশ্বরের শ্রাবণী মেলা, অসময়ে পূর্ব মেদিনীপুর জেলার ফুলেরবাজারকে চাঙা করেছে। শ্রাবণী মেলা শুরু আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন চলতি বছর তারকেশ্বরে বাঁকা কাঁধে নিয়ে নিয়ে যাওয়া জল যাত্রীদের ওপর হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি হবে। গোলাপ ফুলের পাপড়ি দিয়ে হেলিকপ্টার থেকে ছড়ানো হবে আবহাওয়া ভাল থাকলে। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও কোলাঘাট গোলাপ চাষের জন্য বিখ্যাত। আর এই ঘোষণার পর পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ফুলেরবাজার চাঙ্গা হয়ে উঠেছে।

    রাত পোহালেই শ্রাবণ মাস। শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে অন্যতম পবিত্র মাস। এই মাসে শিব মন্দিরগুলিতে জল যাত্রী পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় থাকে। রাজ্যের অন্যতম প্রাচীন শিব মন্দির তারকেশ্বরের তারকনাথের মন্দির। হুগলি জেলার এই শিব মন্দির নিয়ে নানান মাহাত্ম্য কথা রয়েছে। শ্রাবণ মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষেরা হুগলি জেলার এই তারকেশ্বর মন্দিরে আসেন। শেওড়াফুলি থেকে গঙ্গা নদীর জল তুলে প্রায় ৩৫ কিলোমিটার হাঁটা পথ পাড়ি দিয়ে মন্দিরে এসে জল ঢালে। পালা বদলের পর তারকেশ্বর সর্বনিমেলা নিয়ে রাজ্য সরকারের বিশেষ পরিকল্পনা। আর তাতেই ফুলের বাজার চাঙ্গা।

    পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও পাঁশকুড়া এলাকায় ১ হাজার হেক্টর জমিতে গোলাপ চাষ হয়। পূর্ব মেদিনীপুর জেলার এই গোলাপ রাজ্য ও রাজ্যের বাইরে বিভিন্ন বাজারে পাঠানো হয়। মূলত বর্ষাকালে গোলাপের দাম খুব একটা থাকে না। বর্ষাকালে ১০০ টি দেশী লাল গোলাপের দাম গড়ে ৩০ থেকে ৪০ টাকা দামে বিক্রি হয়। আর বেঙ্গালুরু থেকে আসা গোলাপের দাম হয় আরও কম। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণায় পাঁশকুড়া ও কোলাঘাটের গোলাপ চাষিদের মধ্যে খুশির উচ্ছ্বাস। একে তো বর্ষাকালে গোলাপের উৎপাদন কম হয়, তার ওপর দাম পাওয়া যেত না। কিন্তু চলতি বছর এই ঘোষণার পর দাম বেড়েছে গোলাপ ফুল।

    কোলাঘাট ফুল বাজারে বর্তমানে ১০০ টি দেশি গোলাপ বিক্রি হচ্ছে ১৩০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। এমনকী দাম বেড়েছে বেঙ্গালুরু থেকে আগত গোলাপেরও। এ বিষয়ে সারা বাংলা ফুল চাষি ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন শ্রাবণী মেলায় জল যাত্রীদের ওপর পুষ্প বৃষ্টির মাধ্যমে অভিনন্দন জানানো হবে। সেই পরিপ্রেক্ষিতে এক ধাক্কায় ফুলের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। শ্রাবণ মাসে সাধারণত ফুলের দাম তলানিতে থাকে। কিন্তু এই ঘোষণার পর ফুলের বাজার বেড়েছে।” সবমিলিয়ে শ্রাবণী মেলায় সরকারের এই পুষ্প বৃষ্টির ঘোষণায় হাসি বেরিয়েছে ফুল চাষি ও ব্যবসায়ীদের মুখে।
  • Link to this news (News18 বাংলা)