রেল ওভারব্রিজে বিপজ্জনকভাবে বসে রয়েছে যুবক, নীচে বিপজ্জনক রেললাইন... ছুটে এল পুলিশ!
News18 বাংলা | ১৮ জুলাই ২০২৬
বর্ধমান রেলস্টেশনের রেল ওভারব্রিজে এক যুবকের বিপজ্জনক অবস্থানে বসে থাকার ঘটনায় শুক্রবার বিকেল থেকে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওভারব্রিজের রেলিংয়ের বাইরের দিকে দীর্ঘক্ষণ বসে থাকায় যাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিচে ব্যস্ত রেললাইন থাকায় যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF), Government Railway Police (GRP), দমকল বাহিনী এবং বর্ধমান থানার পুলিশ। যৌথভাবে শুরু হয় উদ্ধার অভিযান।
প্রথমে উদ্ধারকারী দল বারবার ওই যুবককে নিরাপদে নেমে আসার জন্য বোঝানোর চেষ্টা করে। কিন্তু তিনি কোনও সাড়া দেননি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রেল কর্তৃপক্ষ ওভারহেড বিদ্যুৎ লাইনের পাওয়ার ব্লক করে দেয়। এরপর রেললাইনের উপর নিরাপত্তার জন্য জাল পাতা হয়। প্রায় তিন ঘণ্টার টানা অভিযানের পর উদ্ধারকারী দল সফলভাবে যুবককে নিরাপদে নামিয়ে আনে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম মিঠুন মল্লিক (৩২)। তাঁর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এলাকায়। তবে কী কারণে তিনি বর্ধমান স্টেশনের রেল ওভারব্রিজের রেলিংয়ের বাইরে গিয়ে বসেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে। পাশাপাশি যুবকের শারীরিক ও মানসিক অবস্থারও মূল্যায়ন করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে বর্ধমান রেলস্টেশনে চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয় এবং উদ্ধার অভিযান দেখতে বহু মানুষের ভিড় জমে।