• সেই একই জায়গায় ফের টাটা সুমোয় ট্রেনের ধাক্কা! অভিশপ্ত গোবিন্দপুর রেলগেটে কী ঘটেছিল ২০ বছর আগে?
    News18 বাংলা | ১৮ জুলাই ২০২৬
  • মাঝে ২০ বছরের ব্যবধান৷ ঘটনাস্থল সেই এক৷ তফাত বলতে প্রথম দুর্ঘটনার পর গোবিন্দপুরে রেল গেট বসানো হয়েছিল৷ কিন্তু তার পরেও সেই একই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটল গোবিন্দপুরে৷

    শুক্রবার সকালে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণের গোবিন্দপুর রেলগেটে পুলকারকে ধাক্কা মারে একটি প্যাসেঞ্জার ট্রেন৷ এই দুর্ঘটনায় চার জন ছাত্রী সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে৷ স্থানীয়দের অভিযোগ, ট্রেন আসা সত্ত্বেও গেটম্যানের ভুলে রেলগেট উঠে যায়৷ সেই সুযোগেই পুলকারটি রেল লাইনের উপরে চলে আসে৷ কিছু বুঝে ওঠার আগেই সজোর স্কুলপড়ুয়া বোঝাই গাড়িটিকে ধাক্কা মারে তীব্র গতিতে ছুটে আসা ট্রেন৷

    স্থানীয়রা জানাচ্ছেন, ২০ বছর আগে ২০০৬ সালে ঠিক একই ভাবে দুর্ঘটনা ঘটেছিল এই জায়গায়৷ সেই সময় অবশ্য গোবিন্দপুরের এই জায়গায় কোনও রেলগেট ছিল না৷ মাঝরাতে বিয়ের অনু্ষ্ঠান থেকে ফিরছিলেন স্থানীয় বাসিন্দা মণ্ডল পরিবারের কয়েকজন সদস্য৷ সেদিনও একটি টাটা সুমো গাড়িতে ফিরছিলেন ওই যাত্রীরা৷ গোবিন্দপুরের এই জায়গায় রেল লাইন পেরনোর সময় গাড়িটিতে ধাক্কা মারে কামরূপ এক্সপ্রেস৷

    ভয়াবহ সেই দুর্ঘটনায় গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মণ্ডল পরিবারের ৬ জন সদস্যের মৃত্যু হয়েছিল৷ আহত হন ৩ জন৷ সেই দুর্ঘটনার পর স্থানীয়দের দাবি মতো রেলগেট তৈরি হয়েছিল৷ কিন্তু এবার রেলগেট, গেটম্যান থাকা সত্ত্বেও কীভাবে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, তা ভেবেই শিউড়ে উঠছেন স্থানীয় বাসিন্দারা৷ ২০ বছর আগের সেই ভয়াবহ স্মৃতি ফিরে আসায় মণ্ডল পরিবারের মনও ভারাক্রান্ত৷

    মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য প্রাথমিক ভাবে কর্তব্যরত গেটম্যানের ভুলকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা৷ অভিযুক্ত গেটম্যানকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে রেল৷ তাঁকে গ্রেফতারও করেছে পুলিশ৷ স্থানীয়দের অভিযোগ, এর আগেও বহুবার ট্রেন আসার সময় রেলগেট ওঠাপড়ার সময় গন্ডগোল করেছেন অভিযুক্ত গেটম্যান৷ অনেক সময় তিনি নেশাগ্রস্ত অবস্থাতেই ডিউটি করতেন বলেও অভিযোগ স্থানীয়দের৷৷
  • Link to this news (News18 বাংলা)