• লাল হলুদ সমর্থকদের জন্য সুখবর, ডিফেন্ডারদের রাতের ঘুম কাড়তে ইস্টবেঙ্গলে সাড়ে ছয় ফিটের স্ট্রাইকার
    আজকাল | ১৭ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ শেষ হলেই শুরু ডুরান্ড কাপ। ঐতিহ্যশালী টুর্নামেন্ট দিয়ে শুরু হবে ফুটবল মরশুম। তার আগেই দল গুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল। এবার ফোকাস আক্রমণে। এনসুঙ্গুসি এফিওং জুনিয়রকে সই করাল ইস্টবেঙ্গল। এবার লাল হলুদ জার্সিতে মাঠ কাঁপাবে ২৬ বছরের নাইজেরীয় স্ট্রাইকার। পাঞ্জাব এফসি থেকে ইস্টবেঙ্গলে সই করলেন এফিওং। গতবছর পাঞ্জাবের হয়ে ১২টি ম্যাচ খেলেন। করেন ৭ গোল। রয়েছে তিনটে অ্যাসিস্টস্টও। আগের বছর যারা পাঞ্জাবের খেলা দেখেছে, তাঁদের এনসুঙ্গুসি সম্বন্ধে ধারণা আছে। জানেন বক্সের মধ্যে কতটা ভয়ঙ্কর। তাঁর সংযোজনে ইস্টবেঙ্গলের স্ট্রাইকিং লাইন আরও মজবুত হতে চলেছে।

    নাইজেরীয় স্ট্রাইকারের সবচেয়ে ইতিবাচক দিক, তাঁর শারীরিক গঠন। প্রায় সাড়ে ছয় ফুট উচ্চতা। বক্সের মধ্যে এরিয়াল বলে বিপজ্জনক। রাতের ঘুম কেড়ে নিতে পারে বিপক্ষের ডিফেন্ডারদের। বাঁ পায়ের এই স্ট্রাইকার নিখুঁত ফিনিশিংয়ের জন্য পরিচিত। তবে তিনি শুধু গোল করতে নয়, গোলের ঠিকানা লেখা পাস বাড়াতেও ওস্তাদ। বেশ কয়েকদিন ধরে এমনই একজন প্লেয়ারের খোঁজে ছিলেন ইস্টবেঙ্গলের কর্তারা। শোনা যাচ্ছে, তাঁকে ২ কোটি ১০ লক্ষতে সই করিয়েছে ইস্টবেঙ্গল। এবার লাল হলুদ জার্সিতে কলকাতা ময়দানে ঝড় তুলতে আসছেন এফিওং।
  • Link to this news (আজকাল)