• প্রতীক নিয়ে দড়ি টানাটানি তৃণমূল কংগ্রেসে, কী জানাল নির্বাচন কমিশন?
    এই সময় | ১৮ জুলাই ২০২৬
  • রাজ্যে পালাবদলের পরে আড়াআড়ি ভাঙন হয়েছে তৃণমূল কংগ্রেসে। ফলত, তৃণমূলের প্রতীক কোন শিবিরের হাতে থাকবে, তা নিয়ে জল্পনা রয়েছে। ইতিমধ্যে কালীঘাট শিবিরের প্রতিনিধিরা কমিশনে গিয়ে প্রয়োজনীয় নথি ও বক্তব্য পেশ করেছেন। ‘বিদ্রোহী’ শিবিরের প্রতিনিধিরাও কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের ব্যাখ্যা, ‘কে আসল তৃণমূল সেটা জানি না। আমাকে পর্যালোচনা করে দেখতে হবে। যা হবে সংবিধান মেনে হবে।’

    অন্য দিকে, বাংলায় ‘SIR’–এর শেষ পর্যায়ে ‘অ্যাজুডিকেশন’–এর মাধ্যমে প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। সেই ২৭ লক্ষ নাগরিককে অ্যাপিলিয়েট ট্রাইব্যুনালে নাম তুলে ভোটার হিসেবে নিজেদের বৈধতা যাচাই করতে হচ্ছে। বিষয়টি নিয়ে শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে সর্বভারতীয় মিডিয়া কনফারেন্সে প্রশ্ন করা হলে নির্বাচন কমিশন জানিয়েছে, এরা সকলে প্রকৃত ভোটার হলে ভোট করা যেত না। এদের মধ্যে প্রচুর বাংলাদেশি রয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের মতে, ট্রাইব্যুনাল কমিশন করেনি, আদালত করেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, ‘এখন কি বাংলায় ভোট আছে? ভোট আসতে দিন, কমিশন ভাববে।’

    বিধান‍সভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের ভোটার তালিকা ফ্রিজ় হয় গত ৯ এপ্রিল৷ চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই এমন বঙ্গবাসীর সংখ্যা ছিল প্রায় ৯১ লক্ষ৷ এর মধ্যে অন্তত ২৭ লক্ষের নাম বাদ পড়েছে তালিকা থেকে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিবেচনাধীন তালিকায় থাকা নামগুলির নিষ্পত্তির ভার তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্টের উপরে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করে নিষ্পত্তির কাজ চলছে।

    এ দিন সম্মেলনে ডিজি (মিডিয়া) আশিস গোয়েল থেকে নির্বাচন কমিশনের একাধিক কর্তার কথায় বার বার উঠে আসে সদ্য শেষ হওয়া পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন প্রসঙ্গ। স্পেশাল ইন্টারনেটসিভ রিভিশনের (সার) সাফল্য থেকে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া। ছাপ্পা ভোট বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্ভব হয়েছে। রাজ্যে ভোট পড়েছে ৯৩.৭০ শতাংশ। স্বাধীনতার পর এত বিপুল ভোট রাজ্যে পড়েনি। যা সর্বকালের রেকর্ড। ইউরোপের দেশগুলোতে এত ভোট পড়ে না। এটা সংসদীয় গণতন্তের পক্ষে শুভ লক্ষণ বলেও জানান কমিশনের আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)