• কামরার নীচ থেকে গলগল করে বের হচ্ছে ধোঁয়া, থমকাল কামরূপ এক্সপ্রেস, আতঙ্ক সমুদ্রগড় স্টেশনে
    এই সময় | ১৮ জুলাই ২০২৬
  • কামরূপ এক্সপ্রেসের একটি কামরার নীচ থেকে গলগল করে বের হচ্ছে ধোঁয়া। পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশন ঢাকা পড়েছে ধোঁয়ায়। তড়িঘড়ি থামিয়ে দেওয়া হয় ট্রেন। রবিবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা।

    জানা গিয়েছে, এ দিন রাত প্রায় সাড়ে আটটা নাগাদ চলন্ত অবস্থাতেই স্টেশন পার হওয়ার সময়ে কামরূপ এক্সপ্রেসে কামরার নীচ থেকে ধোঁয়া বের হতে দেখেন রেল পুলিশের কর্মীরা। তাঁরাই চিৎকার শুরু করেন। চিৎকার শুনে কিছুটা ধীর গতিতে স্টেশন অতিক্রম করায় দ্রুত গাড়ি দাঁড় করিয়ে দেন চালক। হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। অনেক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন।

    সমুদ্রগড় স্টেশন কার্যত ঢাকা পড়ে যায় ধোঁয়ায়। রেল পুলিশের কর্মী, রেলের ইঞ্জিনিয়ার-সহ আধিকারিকরা ছুটে আসেন ঘটনাস্থলে। প্রায় আধঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাত ন’টা পাঁচ নাগাদ ট্রেনটি আসামের উদ্দেশে রওনা দেয়। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ব্রেক বাইন্ডিং-এর কারণে ট্রেনের চাকা থেকে ধোঁয়া বের হতে পারে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)