বৃহস্পতিবার থেকে নিখোঁজ রাজস্তরের প্রতিভাবান শুটার দময়ন্তী সেন(১৫)। শুক্রবার রাত পর্যন্ত তার খোঁজ মেলেনি বলে পরিবার সূত্রে খবর। এ দিন রাজ্যের ক্রীড়ামন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ইন্দ্রনীল খাঁ-এর সঙ্গে দেখা করেন দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন। দ্রুত দময়ন্তীকে খুঁজে বের করার ব্যাপারে বাবাকে আশ্বাস দিয়েছেন মন্ত্রী। দময়ন্তীকে খুঁজতে হাওড়া সিটি পুলিশের চারটি দল গঠন করা হয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার হাওড়া স্টেশনে শেষবার দেখা গিয়েছিল দময়ন্তীকে। হাওড়া থানায় দময়ন্তীর পরিবার একটি নিখোঁজ ডায়েরি করেছে পরিবার। হাওড়া ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশের টিম। হাওড়া স্টেশন ছাড়াও শ্রীরামপুর স্টেশনের সিসিটিভিতে দময়ন্তীকে দেখা গিয়েছে বলে খবর। সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে দময়ন্তীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনে নিজের পরিবারের সঙ্গে থাকে দময়ন্তী। রাজ্যস্তরের শুটার দময়ন্তী অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের কাছে প্র্যাকটিস করে। সম্প্রতি জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়েছে সে। পরিবারের দাবি, বৃহস্পতিবার বাড়ি থেকে কেনাকাটা করতে বেরিয়েছিল সে। বাড়িতেই নিজের ফোনটি রেখে যায় দময়ন্তী। এর পর থেকেই তার খোঁজ মেলেনি।
দময়ন্তীর মা এই সময়কে ফোনে বলেন, ‘মনে হচ্ছে, হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তটা নেয়। ও কিন্তু এমনিতে খুব শান্ত।’ ইতিমধ্যেই গোটা এলাকায় খোঁজাখুঁজি করেছেন পরিবারের লোকজন। আত্মীয়স্বজনকে ফোন করে খবর নিয়েছেন। কিন্তু খোঁজ মেলেনি।