• হুগলি থেকে দিঘায় এসে রথযাত্রার ভিড়ে চুরির অভিযোগ, গ্রেপ্তার চার মহিলা
    এই সময় | ১৮ জুলাই ২০২৬
  • রথযাত্রার ভিড়ের মধ্যে মিশে নিজেদের ‘কাজ’ সারছিলেন তাঁরা। নিঃশব্দে সেই কাজ সারেন তাঁরা। তবে শেষ রক্ষা হলো না। ধরা পড়ে গেলেন তাঁরা। তাঁদের ধরেছে দিঘা থানার পুলিশ। যাঁদের ধরা হয়েছে তাঁরা সকলেই মহিলা। হুগলি জেলার ব্যান্ডেল থেকে দিঘায় এসে রথযাত্রার ভিড়ে চুরি করছিলেন তাঁরা। পুলিশ জানিয়েছে, এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চার মহিলাকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া জিনিসপত্র। ওই চক্রের সঙ্গে আরও কারা জড়িত আছে তার খোঁজ চলছে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

    বৃহস্পতিবার দেশ জুড়ে পালিত হয় রথযাত্রা। রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি দিঘায় সাড়ম্বরে পালিত হয় রথযাত্রা। সেখানে উপচে পড়ে ভিড়। আর সেই ভিড়ের মধ্যেই ঘটে ছিনতাই-য়ের ঘটনা। একাধিক মানুষের সোনার গয়না থেকে অন্যান্য জিনিসপত্র চুরির ঘটনা ঘটে।

    পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, রথযাত্রা ভিড়কেই কাজে লাগান ওই মহিলারা। রথের দড়ি টানার সময় পুণ্যার্থীদের ভিড়ের সুযোগ নিয়ে সোনার গয়না হাতানো হয়। জগন্নাথদেবের রথযাত্রার শোভাযাত্রায় মিশে গিয়ে এই কাজ করেন ওই মহিলারা। তবে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দিঘা থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। অভিযান চালিয়ে চিহ্নিত করা হয় সন্দেহভাজনদের।

    আধিকারিকরা জানিয়েছেন, পরিকল্পনা করেই এসেছিলেন ওই মহিলারা। তবে তাঁদের মধ্যে থেকে চার জনকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে উদ্ধার হয় চারটি সোনার চেন।

    পুলিশ জানিয়েছে, ধৃত চারজনেই হুগলির ব্যান্ডেল এলাকার বাসিন্দা। শুক্রবার ধৃত পেশ করা হয় কাঁথি মহকুমা আদালতে। নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের। তবে, ওই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েক জন সেখান থেকে পালিয়ে যেতে পেরেছেন বলেও জানতে পেরেছেন আধিকারিকরা। তাঁদের ধরতেও অভিযান চালানো হচ্ছে।

    আধিকারিকরা জানিয়েছেন, রথযাত্রার সময়ে সেখানে মোতায়েন করা হয়েছিল সাদা পোশাকের পুলিশ। উল্টোরথের দিনেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)