• দৃষ্টিহীন পড়ুয়াদের সুবিধা দিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ‘পরশ’
    এই সময় | ১৮ জুলাই ২০২৬
  • উচ্চশিক্ষার প্রসার এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে আরও এক ধাপ এগিয়ে গেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। দৃষ্টিহীন পড়ুয়াদের জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। দৃষ্টিহীন ও ক্ষীণদৃষ্টিসম্পন্ন পড়ুয়াদের জন্য শুরু হলো ‘পরশ’। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এর উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। এর ফলে ওই বিভাগে ব্রেল পদ্ধতিতে পড়ার সুযোগ পাবেন দৃষ্টিহীন পড়ুয়ারা । সেই সঙ্গেই নথিপত্র নিমেষেই ডিজিটাল রূপে রূপান্তর করে শুনতে পারবেন তাঁরা। সেই সঙ্গেই এদিনই চালু হয়েছে ‘সেন্টার ফর ডিজিটাল রিসোর্সেস অ্যান্ড সার্ভিসেস’ (CDRS)। ‘পরশ’ চালু হওয়ায় দৃষ্টিহীন বা ক্ষীণ দৃষ্টিহীন পড়ুয়ারা খুব উপকৃত হবেন বলে জানিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির ডেপুটি লাইব্রেরিয়ান বিশ্বজিৎ অধিকারী।

    বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, দৃষ্টিহীন ও ক্ষীণদৃষ্টিসম্পন্ন পড়ুয়াদের জন্য বিশেষ পদ্ধতিতে গড়ে তোলা হয়েছে ‘পরশ’ বিভাগটি। এই বিভাগে রয়েছে রিফ্রেশেবল ব্রেল ডিসপ্লে, PEARL স্ক্যানার রিডার, স্ক্রিন রিডার এবং স্ক্রিন ম্যাগনিফায়ার-সহ সর্বাধুনিক সহায়ক প্রযুক্তি। এর ফলে দৃষ্টি প্রতিবন্ধী পাঠকেরা যে কোনও মুদ্রিত বই ও নথিপত্র নিমেষেই ডিজিটাল রূপে রূপান্তর করে শুনতে পারবেন। পাশাপাশি, অনলাইন লেখাগুলি স্বয়ংক্রিয়ভাবে পাঠ করা এবং স্ক্রিনে বড় আকারে দেখার সুবিধাও মিলবে এখানে। এই অভিনব উদ্যোগের ফলে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীরা সম্পূর্ণ স্বনির্ভরভাবে তাঁদের পড়াশোনা ও উচ্চতর গবেষণা চালিয়ে যেতে পারবেন বলে আশাবাদী কর্তৃপক্ষ।

    অন্যদিকে, ডিজিটাল যুগের চাহিদার কথা মাথায় রেখে চালু করা হয়েছে ‘সিডিআরএস’ (CDRS) বিভাগটি। এটিকে মূলত কেন্দ্রীয় গ্রন্থাগারের বৈদ্যুতিন তথ্যসম্পদ ব্যবহারের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও গবেষকেরা এক ছাদের তলায় বসেই ই-বুক, ই-জার্নাল এবং বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা ডেটাবেস ব্যবহারের সুযোগ পাবেন। এর পাশাপাশি Shodhganga, ONOS, DELNET, NDLI, e-PG Pathshala, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘Institutional Repository’ এবং Kindle Unlimited-এর মতো বিশাল ডিজিটাল লাইব্রেরির অ্যাক্সেসও মিলবে এই বিভাগ থেকে।

    উপাচার্য জানান, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং ডিজিটাল শিক্ষার প্রসারে উদ্যোগ গ্রহণ করেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সেই উদ্যোগেরই গুরুত্বপূর্ণ সংযোজন এই বিভাগ দু'টি। তাঁর দাবি, এই দু'টি বিভাগ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, গবেষক ও শিক্ষক-শিক্ষিকাদের পাঠ, গবেষণা ও তথ্যপ্রাপ্তিকে আরও সমৃদ্ধ ও সহজলভ্য করে তুলবে।

    আগামী দিনে আরও বেশ কয়েকটি সুবিধা সেখানে চালু করা হবে বলেও জানিয়েছেন আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)