• মেসেজে লাইভ লোকেশন পাঠিয়ে হামলার ইঙ্গিত, প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন স্ত্রীর
    বর্তমান | ১৮ জুলাই ২০২৬
  • চিত্তুর: মুসকান, সিয়া, সোনমের পথেই হাঁটল অন্ধ্রপ্রদেশের হাসিনিও। পরকীয়া সম্পর্ক টিকিয়ে রাখতে প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করানোর অভিযোগ উঠল তার বিরুদ্ধে। খুনের পদ্ধতিও ছিল রোমাঞ্চকর। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে থাকাকালীন প্রেমিককে নিজেদের লোকেশন পাঠিয়ে হামলার ইঙ্গিত দেন হাসিনি। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার ঘটনায় ইতিমধ্যেই হাসিনি সহ  চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত রমেশ (২৩) তামিলনাড়ুর বাসিন্দা। বছর দুই আগে হাসিনির (১৯) সঙ্গে তাঁর বিয়ে হয়। দম্পতির এক কন্যাসন্তানও রয়েছে। তবে বিয়ের পরও ছোটোবেলার প্রেমিক যুগন্দরের(২০) সঙ্গে যোগাযোগ রেখেছিল হাসিনি। পথের কাঁটা ছিলেন রমেশ। তাঁকে সরাতে খুনের পরিকল্পনা করেন হাসিনি-যুগন্দর। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার স্বামীকে অন্ধ্রের পাহাড়ি এলাকায় অবস্থিত শ্রী মল্লেশ্বর স্বামী মন্দিরে যাওয়ার জন্য রাজি করান হাসিনি। স্ত্রী-মেয়েকে নিয়ে মোটরবাইকে রওনা দেন রমেশ। মাঝপথে নির্জন স্থানে হঠাৎ নিজের ব্যাগ রাস্তায় ফেলে দেন হাসিনি। বাইক থামাতেই পাশের জঙ্গল থেকে ধারালো অস্ত্র হাতে বেরিয়ে আসে তিনজন। দৌড়ে পালানোর চেষ্টা করেও লাভ হয়নি। তিনজনে কুপিয়ে খুন করেন রমেশকে। মেয়ে-জামাই দীর্ঘক্ষণ ফিরছে না দেখে থানায় হাজির হন হাসিনির মা। তদন্তে নেমে হাসিনির মোবাইল ট্র্যাক করে রমেশের দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা যায়, রমেশের সঙ্গে বেরনো মাত্রই নিজের মোবাইল থেকে প্রেমিক যুগন্দরকে লোকেশন শেয়ার করতে থাকেন হাসিনি। সেইমতো যুগন্দর ও তাঁর দুই সঙ্গী অনুসরণ করতে শুরু করে রমেশদের। ব্যাগ ফেলা ছিল হামলার ইঙ্গিত। পরিকল্পনা মতোই কাজ হাসিল করেন হাসিনি। ঘটনায় খুনের অভিযোগ দায়ের করে হাসিনি-যুগন্দর ও তার দুই সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)