ইন্টারসিটিতে ভোগান্তি, বালুরঘাট থেকে শিলিগুড়ি রুটে নতুন ট্রেন দাবি
বর্তমান | ১৮ জুলাই ২০২৬
সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট থেকে দক্ষিণবঙ্গ যাওয়ার একাধিক ট্রেন থাকলেও উত্তরবঙ্গে যাওয়ার ট্রেন মাত্র একটি। এই একমাত্র বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস নিয়েও অভিযোগের অন্ত নেই। যাত্রীদের অভিযোগ, ট্রেনটি বালুরঘাট থেকে শিলিগুড়ি পৌঁছতে সাড়ে আট থেকে নয় ঘণ্টা সময় নেয়। যেখানে-সেখানে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। নেই এসি কোচও। ফলে ট্রেনে শিলিগুড়ি পৌঁছতে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর ভোগান্তি চরমে ওঠে। যাত্রীদের দাবি, বালুরঘাট-শিলিগুড়ি রুটে ট্রেন বাড়ানো হোক। পাশাপাশি ট্রেনের গতিও বাড়ানো হোক। এই পরিস্থিতিতে বালুরঘাট-গুয়াহাটি ট্রেনের দাবি ফের জোরাল হচ্ছে।
জেলার মানুষের ভোগান্তি স্বীকারের পাশাপাশি দাবিও ন্যায়সংগত বলে জানিয়েছেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়। বলেছেন, বালুরঘাট থেকে শিলিগুড়ি যাওয়ার একটিমাত্র ট্রেন রয়েছে। ওই ট্রেনে যাত্রীদের চাহিদা রয়েছে। কিন্তু এসি ও রিজার্ভ কামরা নেই। রেলমন্ত্রীকে বালুরঘাট থেকে গুয়াহাটি পর্যন্ত নতুন ট্রেন এবং সেইসঙ্গে আরও একগুচ্ছ প্রস্তাব দিয়েছি। আমাদের সাংসদ সুকান্ত মজুমদারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করছি, শীঘ্রই নতুন ট্রেন মিলবে।
বালুরঘাট রেল স্টেশন থেকে দুপুর ১২টা ১৫ মিনিটে ট্রেনটি ছাড়ে। শিলিগুড়ি পৌঁছতে সময় লেগে যায় সাড়ে আটটা থেকে নয় ঘণ্টা। বালুরঘাট থেকে ট্রেনটি প্রথমে একলাখি পর্যন্ত পৌঁছয়। এরপর একলাখিতে ইঞ্জিন ঘুরিয়ে আবার শিলিগুড়ির উদ্দেশে রওনা হয়। অভিযোগ, বিভিন্ন জায়গাতেও মাঝেমধ্যে থেমে যায় ট্রেনটি। এই ট্রেনে প্রায়ই শিলিগুড়ি যেতে হয় বালুরঘাটের রাজা কুণ্ডুকে। তিনি বলেন, প্রচুর সময় লাগে এই ট্রেনে। শিলিগুড়ি রুটে আরও নতুন ট্রেন দরকার। বালুরঘাটের আর এক বাসিন্দা সুমন কর্মকার বলেন, বালুরঘাট থেকে গুয়াহাটি পর্যন্ত ট্রেনের দাবি দীর্ঘদিনের। এই ট্রেন চালু হলে আমাদের সুবিধা হয়। শিলিগুড়ি পৌঁছতে কম সময় লাগবে।