পূর্বাভাস আগেই ছিল। সেই মতোই দিন কয়েকের ভারী বৃষ্টির পরে শনিবার সকাল থেকেই চড়া রোদ। যার জেরে অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমে নাজেহাল হতে হবে মানুষকে। তবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।
শনিবার সকাল থেকেই চড়া রোদ কলকাতার আকাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই শহরে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনুভূত হবে গুমোট গরম। যার জেরে নাজেহাল হতে হবে শহরবাসীকে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম।
শনিবার থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির লাল সতর্কতা এবং দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে কমলা সতর্কতা জারি হয়েছে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। তবে সপ্তাহের শেষে বৃষ্টির দাপট কমতে পারে।