• বাড়ি ফিরলেন নিখোঁজ দময়ন্তী, কোথা থেকে মিলল সন্ধান? জানালেন শুটারের মা
    এই সময় | ১৮ জুলাই ২০২৬
  • উদ্বেগের অবসান। পাওয়া গিয়েছে বৃহস্পতিবার থেকে নিখোঁজ রাজ্য স্তরের প্রতিভাবান শুটার দময়ন্তী সেনকে। শনিবার সকালেই তাকে সুস্থ ভাবে পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন কোচ তথা অর্জুন পুরস্কারপ্রাপ্ত জাতীয় স্তরের শুটার জয়দীপ কর্মকার। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে দময়ন্তীকে পাওয়া গিয়েছে বলে জানিয়ে শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তার মা মৌমিতা রায় সেনও।

    বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল রাজ্যস্তরের প্রতিভাবান শুটার দময়ন্তী সেন । মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা সে। সম্প্রতি জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়েছে দময়ন্তী। বৃহস্পতিবার বাড়ির সামনের দোকানে কেনাকাটা করতে গিয়েছিল সে।  এর আগে তাকে শেষ দেখা গিয়েছিল হাওড়া স্টেশনে। শুক্রবার পর্যন্ত তার কোনও খোঁজ না পেয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ইন্দ্রনীল খাঁ-এর সঙ্গে দেখা করেন দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন। দ্রুত দময়ন্তীকে খুঁজে বের করার ব্যাপারে বাবাকে আশ্বাসও দেন তিনি। তাকে খোঁজার জন্য হাওড়া সিটি পুলিশের চারটি দল গঠনও করে। তাকে না পাওয়ায় উদ্বেগ জানান অনেকেই।

    আর এরই মধ্যে শনিবার সকালে তাকে সুস্থ ভাবে পাওয়ার কথা জানিয়েছেন কোচ জয়দীপ কর্মকার। তাঁর পরেই দময়ন্তীর ফিরে আসার খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তার মা মৌমিতাও। তিনি লেখেন, ‘আজ ভোরবেলা রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে আমার মেয়ে দময়ন্তী সেনকে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছে। ঈশ্বরের অসীম কৃপায় সে আমাদের কাছে ফিরে এসেছে।’ একইসঙ্গে দময়ন্তীকে খুঁজে পাওয়ার চেষ্টায় সাহায্যের জন্য পুলিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে যাঁরা এগিয়ে এসেছিলেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন মৌমিতা। তিনি লিখেছেন, ‘আমার মেয়ের প্রতি আপনাদের ভালোবাসা, প্রার্থনা, সহযোগিতা এবং অক্লান্ত প্রচেষ্টার ঋণ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই দুঃসময়ে আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেই ভালোবাসা ও মানবিকতা আমরা কোনোদিন ভুলব না।’

    পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে রামকৃষ্ণপুর ঘাট দময়ন্তীকে দেখার পরে আশপাশের লোকজন তার বাড়িতে খবর দেন। তার পরেই পরিবারের লোক সেখানে উপস্থিত হয়ে দময়ন্তীকে উদ্ধার করে। দময়ন্তী সুস্থ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

    তবে সে কোথায় গিয়েছিল তা নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না পরিবারের লোকজন। দময়ন্তীর বাবার ধ্রুবজ্যতি সেন বলেন, ‘মেয়েকে পাওয়া গিয়েছে। আমি এখন বেশি কিছু বলতে পারব না। ’

    পুলিশ সূত্রে খবর, দময়ন্তী কোথায় এবং কেন গিয়েছিল তা জানার চেষ্টা করছেন আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)