• বাঁধ উপচে সমুদ্রের জল ঢুকে বানভাসি পাথরপ্রতিমার গ্রাম
    বর্তমান | ১৮ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, কাকদ্বীপ: বৃহস্পতিবার সমুদ্রের বাঁধ উপচে নোনা জল ঢুকে পড়েছিল গ্রামে। শুক্রবারও একইভাবে গ্রামে জল ঢুকে পড়েছে। অথচ কোনো ষাঁড়াষাঁড়ির কটাল ছিল না। তা সত্ত্বেও বাঁধ উপচে সমুদ্রের জল ঢুকে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গ্রামের পূর্ব-পশ্চিমের ১২০০ মিটার বেহাল নদীবাঁধ মেরামতের কাজ চলছিল। কিন্তু সকালের সময় জোয়ারের জল বাড়তেই কাজ বন্ধ রাখতে হয়। তখনই জলোচ্ছ্বাসের কারণে বাঁধ উপচে গ্রামে আবারও জল ঢুকে পড়ে। 

    স্থানীয় এক বাসিন্দা উত্তম বেরা বলেন, ‘বাইরের এলাকা থেকে এখানে পর্যটকরা ঘুরতে আসেন। তাঁরা ছবি তোলেন। কিন্তু এই এলাকার কোনো উন্নয়ন হয় না। এদিন জোয়ারের সময় পুবালি বাতাস বইলে আরও ভয়ানক পরিস্থিতি তৈরি হত। সেই সময় এখানকার মানুষ বাড়িতে থাকতে পারতেন না। শীঘ্রই স্থায়ীভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে। নাহলে আগামী দিনে পুরো গ্রাম সমুদ্রের তলায় তলিয়ে যাবে।’ বাঁধ মেরামতের কাজ চলছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)