• রাইস মিলগুলিকে এমাসেই সেন্ট্রাল পুলের বকেয়া চাল মিটিয়ে দিতে হবে
    বর্তমান | ১৮ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় মজুত ভাণ্ডার বা সেন্ট্রাল পুলের জন্য বকেয়া চাল ৩১ জুলাইয়ের মধ্যে রাইস মিলগুলিকে দিতে হবে। নির্দেশ দিয়েছে রাজ্য খাদ্যদপ্তর। সেন্ট্রাল পুলের জন্য রাইস মিলগুলির কাছে খাদ্যদপ্তর এখনো পর্যন্ত ১ লক্ষ ৬০ হাজার টন চাল পাবে। কেন্দ্র ও রাজ্য মিলিয়ে মোট বকেয়ার পরিমাণ ৬ লক্ষ ৬৭ হাজার টন। বাকিটা যাবে স্টেট পুল বা রাজ্য সরকারের মজুত ভাণ্ডারে। খাদ্যদপ্তরের পর্যালোচনা বৈঠকের রিপোর্ট বলছে, এখনো পর্যন্ত সরকারি গুদামে ২৬ লক্ষ ১৯ হাজার টন চাল জমা পড়েছে। সেখান থেকে পাওয়ার কথা ৩২ লক্ষ ৮৬ হাজার টন। যেসব জেলায় বকেয়া চালের পরিমাণ বেশি সেখানকার জেলা খাদ্য নিয়ামকদের আদায়ের উপর বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে। গুদামে চাল মজুতের সমস্যা এবং চালের গুণগত মানের দিকেও নজর রাখার নির্দেশ দিয়েছে দপ্তর।

    চাষিদের কাছ থেকে সরকারি উদ্যোগে ধান কেনার পর তা নথিভুক্ত রাইস মিলগুলিতে দ্রুত পাঠিয়ে দেওয়া হয়। মিল থেকে চাল যায় সরকারি গুদামে। সেন্ট্রাল পুলের চাল জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত রেশন গ্রাহকরা পান। এছাড়া দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং স্কুলের মিড ডে মিল প্রকল্পে। রাজ্যের নিজস্ব রেশন প্রকল্পের গ্রাহকদের চাল দেওয়া হয় স্টেট পুল থেকে। চলতি খরিফ মরশুমে ২৭ লক্ষ চাষির কাছ থেকে সরকারি উদ্যোগে মোট ৪৮ লক্ষ ৩৪ হাজার টন ধান কেনা হয়েছে। মরশুম শেষ হতে বাকি আর দু-মাস। তবে সরকারি উদ্যোগে নতুনভাবে ধান কেনার পরিমাণ আর বিশেষ বাড়বে না। পর্যাপ্ত সংগ্রহ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ২০২৬-২৭ মরশুমের ধান কেনা শুরু হবে নভেম্বর থেকে।
  • Link to this news (বর্তমান)