নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয়কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর আইনজীবী বলেন, ‘৫৮ জন বিধায়ক স্বাক্ষর করে তাঁদের বিরোধী দলনেতার নাম প্রস্তাব করেছিলেন। সেটা মানা ছাড়া অধ্যক্ষের কাছে অন্য কোনো পথ ছিল না।’ যদিও ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘একপক্ষ ক্ষমতাবান, আরেকপক্ষ ক্ষমতাহীন, যদিও তাঁরা একই দলের বিধায়ক। এই অবস্থায় স্পিকার আর কী করতে পারেন!’ যদিও বিধানসভার বর্তমান অধ্যক্ষের সিদ্ধান্তের সম্পর্কে বলতে গিয়ে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রশংসা করেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।