নামাজপাঠ: পিছু হটলেন সিদ্দিকুল্লা, বাবরের সরকার নেই, খোঁচা শমীকের
বর্তমান | ১৮ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিমানবন্দরের ভিতরের মসজিদে নামাজপাঠ বন্ধ কয়েকদিন যাবৎ। রানওয়ে সম্প্রসারণের জন্যই মসজিদটি স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও জমিয়তে উলেমায়ে হিন্দ সংগঠনের নেতা সিদ্দিকুল্লা চৌধুরী প্রতিবাদে সরব হয়েছেন। শুক্রবার বহু লোক নিয়ে গিয়ে ওই মসজিদে নামাজপাঠ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে তিনি জানান। কিন্তু অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাঁকড়া মসজিদ চত্বরে আগে থেকেই প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ছিল কেন্দ্রীয় বাহিনী এবং র্যাফও। তবে আন্দোলন কর্মসূচির ডাক দিয়েও তা থেকে পিছু হটেন সিদ্দিকুল্লা। এদিন তিনি অন্য মসজিদেই নামাজ পড়েন এবং বাঁকড়া চত্বরে কোনো কর্মসূচি পালন করতে পারেননি। সিদ্দিকুল্লার দাবি, ‘আমরা পুলিশের সঙ্গে সংঘাতে যেতে চাইনি।’ যদিও পালটা বক্তব্যে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘উন্নয়নের কাজে মন্দির, মসজিদ নয়। সিদ্দিকুল্লা চৌধুরী যত খুশি লোক এনে যা করার করবেন, তারপর সরকার করবে তার মতো। তবে মনে রাখবেন, এখন আর বাবরের সরকার নেই।’