• অটল পেনশন যোজনায় গ্রাহক সংখ্যার নিরিখে দেশে তৃতীয় স্থানে মালদহ
    বর্তমান | ১৮ জুলাই ২০২৬
  • তারক চক্রবর্তী, মালদহ: অটল পেনশন যোজনা গ্রাহকদের সংখ্যায় দেশের মধ্যে তৃতীয় স্থানে উঠে এল পশ্চিমবঙ্গের মালদহ জেলা। উত্তরপ্রদেশ ও ওড়িষার একটি করে জেলার নাম যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। এরপরেই মালদহ জেলা বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থান থেকে প্রথম স্থানে যাওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই ঝাঁপাতে শুরু করেছে মালদহ জেলা প্রশাসন। আগামী সোমবার জেলা প্রশাসনের দপ্তরে বিভিন্ন ব্যাংকের সঙ্গে এই বিশেষ যোজনা নিয়ে বৈঠক করবেন জেলার আধিকারিকরা।

    মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মূলত সমাজে পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অবসর গ্রহণের পরে সামান্য পেনশন পাইয়ে দেওয়ার লক্ষ্যে বর্তমানে ঝুঁকেছে কেন্দ্রীয় সরকার। এই যোজনাকে আরও সফল করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয় স্থান থেকে প্রথম স্থানে পৌঁছতে আইন অনুযায়ী যেভাবে পদক্ষেপ করা সম্ভব হবে সেই ভাবেই কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, অটল পেনশন যোজনা হল ভারত সরকারের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প। যার মাধ্যমে ১৮ থেকে ৪০ বছর বয়সি যে কোনো ভারতীয় নাগরিক ৬০ বছর পূর্ণ হওয়ার পর মাসিক ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন পেতে পারেন। আপনার জমা করা অর্থের পরিমাণের উপর ভিত্তি করে এই পেনশন নির্ধারিত হয়। সেই মোতাবেক ব্যাংক থেকে নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামে অর্থ কেটে নেওয়া হয়। ২০১৫ সালে এই সামাজিক সুরক্ষা প্রকল্প চালু হয়েছে। বিভিন্ন ব্যাংকের মাধ্যমেই এই ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্পে যে কোনো মানুষ নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবেন। যে বয়সে নাম নথিভুক্ত করাবেন তার থেকে ৬০ বছর বয়স পর্যন্ত ভাগ করে প্রতি মাসে নির্ধারিত পেনশন অঙ্কের উপর প্রিমিয়াম ধার্য করা হয়।

    চলতি বছরের জুলাই পর্যন্ত দেশের সবকটি রাজ্যের হিসেব-নিকেশ করার পর সেই তালিকায় মালদহ জেলা প্রশাসনের নাম উঠেছে। যা নিয়ে ইতিমধ্যেই গর্বিত জেলার বিভিন্ন স্তরের মানুষ। তবে এই তৃতীয় স্থানেই থমকে থাকতে চাইছেন না জেলা প্রশাসনের আধিকারিকরা। তাঁরা প্রথম স্থান পেতে মরিয়া। মালদহের জেলাশাসক রাজনবীর সিং কাপুর বলেন, বর্তমানে মালদহ তৃতীয় স্থানে থাকলেও তাকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)