• উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জনের ‘নিত্যসঙ্গী’ পয়েন্ট ৩২ ওয়েবলি স্কট পিস্তল
    বর্তমান | ১৮ জুলাই ২০২৬
  • রাহুল চক্রবর্তী, কলকাতা; ‘মৃত্যু ভয় আমি পাইনা। তবে চুপচাপ মরে যাব, সেটাও হতে পারে না। আমাকে মারতে এলে অন্তত দুটোকে নামাব’— ১২ কার্তুজের পয়েন্ট ৩২ ওয়েবলি পিস্তলের গল্প শোনালেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। ভোটে জেতার পর মাস দেড়-দুয়েক হল পিস্তলটির লাইসেন্স নিয়েছেন তিনি। যেটাই এখন তাঁর নিত্যসঙ্গী। ঘুমোতে যাওয়ার সময় বালিশের পাশেও থাকে। সেটাই যেন এখন লয়্যাল গার্লফ্রেন্ড বা বিশ্বস্ত বান্ধবী।

    এবারের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন এনএসজি’র প্রাক্তন কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী। রাজনীতিতে আসার আগে দেশের সুরক্ষায় দীপাঞ্জনের অনন্য কৃতিত্ব প্রশ্নাতীত। নিজের জীবনকে বিপন্ন করে একাধিকবার দেশকে সুরক্ষিত রাখতে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে এবং কুর্নিশ অর্জন করেছেন। লড়াইয়ের ময়দানে নিজের পায়ের ক্ষতি হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে অনুসরণ করা দীপাঞ্জনের। স্ক্র্যাচ নিয়ে হাঁটেন তিনি। বছর দুয়েক আগে বাংলাদেশের কিছু দুষ্কৃতী দীপাঞ্জনের মাথার দাম দিয়েছিল ৫০ লক্ষ টাকা। একাধিকবার তাঁকে হুমকি, থ্রেট কল, গালিগালাজ শুনতে হয়েছে। স্ত্রীর ফেসবুক পেজ হ্যাক ইত্যাদি নানা ঘটনা ঘটেছে। তবে সেসবকে পরোয়া করেননি তিনি। আগে যেমন দেশের সুরক্ষায় নিজেকে নিয়োজিত করেছিলেন, এখন বিধায়ক হওয়ার পর উত্তরপাড়াকে দুষ্কৃতী এবং সমাজবিরোধী মুক্ত করার লড়াইয়ে ব্রত হয়েছেন। অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সরব হওয়াতে কিছু দুষ্কৃতী দীপাঞ্জনকে নিয়ে যে ‘ছানবিন’ শুরু করেছে, এমন খবরও স্বয়ং বিধায়কের কাছে এসেছে। তাই নিজের সুরক্ষায় নিজেই পিস্তলের লাইসেন্স নিয়েছেন দীপাঞ্জন। বললেন, ‘চার-পাঁচজন বডিগার্ড নিয়ে আমাকে এলাকার মানুষ ঘুরতে দেখলে, তাঁদের তো ভয় ইন থাকবে। তাঁদের তো ভয় আউট আমাকেই করতে হবে। তাই আমি নিজেই নিজেকে রক্ষা করতে প্রস্তুত।’

    প্রশ্ন একটাই, শাসকদলের বিধায়ককে কেন এই পিস্তল নিতে হল? দীপাঞ্জন বললেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুর ঘটনার পরই আমি এই পিস্তলটি নিয়েছি। আমি দুষ্কৃতী মুক্ত সমাজ গড়তে চাই। নর্দমা পরিষ্কার করতে নেমেছি। পাঁকের মধ্যে অনেক বিষাক্ত পোকা থাকতে পারে, জানি। সেই কারণেই আগে থেকে একটু প্রস্তুত হয়ে থাকা। ’
  • Link to this news (বর্তমান)