• রবীন্দ্রনাথের হাতে লেখা কবিতা, পাঁচতারা হোটেলে অনলাইন নিলাম
    বর্তমান | ১৮ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা কবিতা, তার সঙ্গে রামকিঙ্কর বেইজ, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি। পাশাপাশি রয়েছে বিখ্যাত চিত্রশিল্পীদের হাতে আঁকা ছবিও। এই সব নিয়ে শহরের একটি পাঁচতারা হোটেলে চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ‘আই উইদিন আর্ট’। শুধু প্রদর্শনী নয়, সংস্থার ওয়েবসাইটে প্রদর্শিত চিত্রকর্মের নিলামও হচ্ছে অনলাইনে। আজ, শনিবার পর্যন্ত নিলাম চলবে।

    উদ্যোক্তারা বলেন, শিল্পী গীতা রায়ের ডায়েরির মধ্যে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লেখা কবিতা। যার মধ্যে চার লাইন সংস্কৃতে লেখা আর বাকি চারটি বাংলাতে। অনলাইন নিলামে ওই দুষ্প্রাপ্য ডায়েরির চাহিদা সবথেকে বেশি। সেটির দাম ৪০ থেকে ৫০ লক্ষ টাকা ছোঁবে বলে অনুমান। ওই দুষ্প্রাপ্য ডায়েরির সঙ্গে গণেশ হালুই, যোগেন চৌধুরী, বিকাশ ভট্টাচার্য, এ রামচন্দরন, বিজন চৌধুরী সহ বহু বিখ্যাত চিত্রশিল্পীর ছবির প্রদর্শনী চলছে। সংস্থার কর্ণধার গৌতম দাসের বক্তব্য, ‘ছবি, স্থাপত্যের সম্পূর্ণ অনলাইন নিলাম শহরে প্রথমবার হচ্ছে। ডায়েরির চাহিদা সবচেয়ে বেশি। ছবি, স্থাপত্য মিলিয়ে ৫১টি কাজ এখানে আছে। আমরা বাংলার শিল্পীদের প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে এরকম প্রদর্শনীর মাধ্যমে অনলাইন নিলাম করার ইচ্ছে।’
  • Link to this news (বর্তমান)