• ওবিসি সংরক্ষণ ইস্যুতে সমস্ত চলতি নিয়োগ প্রক্রিয়ার তথ্য তলব নবান্নের, সাতদিনের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ
    বর্তমান | ১৮ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) সংরক্ষণ সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্যে সরকারি ক্ষেত্রে নিয়োগের প্রশ্নে বিভিন্ন নিয়োগকারী সংস্থার কাছ থেকে বিস্তারিত তথ্য চাইল নবান্ন। এই পরিস্থিতিতে অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, কো-অপারেটিভ সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড, ডিরেক্টরেট অব মেডিক্যাল এডুকেশন, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি), মাদ্রাসা সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সহ একাধিক সংস্থাকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে।

    ওই চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে সরকারি চাকরিতে সংরক্ষণ নীতি এবং শূন্যপদ পূরণের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন স্তরে পর্যালোচনা প্রয়োজন। প্রতিটি নিয়োগকারী সংস্থাকে তাদের অধীনে চলা সমস্ত নিয়োগের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। প্রতিটি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে পদের নাম, মোট শূন্যপদের সংখ্যা, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, আবেদনপত্র গ্রহণ, স্ক্রুটিনি, লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা, ইন্টারভিউ, ব্যক্তিত্ব যাচাই, মেধাতালিকা প্রস্তুত এবং নিয়োগ প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে, সব তথ্যই জানাতে হবে। এছাড়াও প্রতিটি নিয়োগ প্রক্রিয়া কোন সংরক্ষণ নীতির আওতায় পরিচালিত হচ্ছে, তাও স্পষ্টভাবে জানাতে হবে নিয়োগকারী সংস্থাকে। সেই ক্ষেত্রে নিয়োগগুলিকে তিনটি পর্যায়ে ভাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত, ২০২৪ সালের ২২ মে’র আগে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় তথ্য জমা দিতে হবে। ওইদিনই ২০১০ সালের পর থেকে প্রদত্ত সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। দ্বিতীয়ত, ২০২৫ সালের ১০ জুন থেকে ২০২৬ সালের ১৮ মে’র মধ্যে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ার তথ্য জমা দিতে হবে। এক্ষেত্রে ২০২৫ সালে কার্যকর হওয়া সংশোধিত ওবিসি সংরক্ষণ নীতির আওতায় নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। তৃতীয় তালিকায় থাকবে চলতি বছরের ১৮ মে’র পর শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ার তথ্য। যে সময়কালে সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের তালিকাভুক্ত ৬৬টি ওবিসি শ্রেণির জন্য মোট ৭ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে।

    সংশ্লিষ্ট সংস্থাগুলিকে আগামী সাতদিনের মধ্যে এই সমস্ত তথ্য ই-মেলের মাধ্যমে অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরকে পাঠানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনকেও প্রয়োজনীয় তথ্য দ্রুত সংগ্রহ করে সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠাতে বলা হয়েছে।
  • Link to this news (বর্তমান)