নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যপাল ও লোকভবনের আধিকারিক পরিচয় দিয়ে ভুয়ো ফোন করে প্রতারণার চেষ্টার অভিযোগে সতর্কবার্তা জারি করল লোক ভবন। শুক্রবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৯৮৩৬৫৪০১৬৩ নম্বর থেকে এক ব্যক্তি রাজ্যপাল ও লোক ভবনের আধিকারিক পরিচয় দিয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, সরকারি আধিকারিক ও অন্যদের ফোন করছেন। ঘটনার জেরে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করেছে লোক ভবন। ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। লোক ভবনের তরফে জানানো হয়েছে, রাজ্যপাল বা লোক ভবনের পরিচয়ে কোনও ফোন বা বার্তা এলে সত্যতা যাচাই না করে কেউ যেন কোনও পদক্ষেপ না নেয়। এ ধরনের ফোন বা প্রতারণা সংক্রান্ত তথ্য থাকলে অবিলম্বে ০৩৩ ২২০০ ১৬৪১ অথবা ০৩৩ ২২০০ ১৬৪৪ নম্বরে যোগাযোগ করে কিংবা generalcellgs@gmail.com ইমেলে জানাতে অনুরোধ করা হয়েছে লোকভবনের তরফে।