'১৩ মার্চ থেকে ও নিখোঁজ...', মেয়েকে খুঁজেছেন শ্মশান-মন্দিরে, অবশেষে মন্ত্রীর দ্বারস্থ দুঃখী বাবা
News18 বাংলা | ১৮ জুলাই ২০২৬
বাড়ির একমাত্র মেয়ে অমৃতা সিংহ নিখোঁজ হয়েছে আজ প্রায় চার মাসেরও বেশি সময় অতিক্রম করল। বিগত চার মাস ধরে দিন রাত এক করে বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে এই জেলা থেকে অন্য জেলা সর্বত্র মেয়েকে খুঁজে চলেছে বাবা অর্ধেন্দু সিংহ। তবে এত কিছু করেও মেয়ের ব্যাপারে বিন্দুমাত্র খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপরই অবশেষে অর্ধেন্দু সিংহ ছুটলেন সিউড়ি জেলার বিধায়ক তথা উচ্চশিক্ষা, পশ্চিমবঙ্গের কারিগরি শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে।
মেয়েকে খুঁজে দেওয়ার অনুরোধ জানাতে এ বার জনতার দরবারে পৌঁছে গেলেন অর্ধেন্দু সিনহা। গলায় মেয়ে অমৃতা সিংহের নাম-ছবি দেওয়া সেই প্ল্যাকার্ড ঝুলিয়ে বৃদ্ধ যান দরবারে। অর্ধেন্দু সিংহের সঙ্গে কথা বলার পরে জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, ‘আমাদের সম্যক ধারণা রয়েছে গোটা বিষয়টি সম্পর্কে। এই নিয়ে মোট তিনবার উনি আমার সঙ্গে দেখা করলেন। আমিও জেলা পুলিশ সুপার এবং সিআইডি-র মিসিং স্কোয়াডের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। সিআইডিও খুঁজছে।”
জগন্নাথ সরকার আরও জানান, “এই কেসে সমস্যা একটাই, কোনও মিসিং লিঙ্ক নেই। অমৃতা কোনও মোবাইল ফোন, এটিএম কার্ড বা পরিচয়পত্র ওঁর সঙ্গে নিয়ে যায়নি বলে বারবার দাবি করেছেন ওঁর বাবা।’ তাঁর সংযোজন, ‘আমি আশাবাদী, সময় একটু বেশি লাগলেও অর্ধেন্দু বাবুর মেয়ে কোথায় রয়েছেন, কেমন ভাবে রয়েছেন, তার খোঁজ পাওয়া যাবে।’’ প্রসঙ্গত দীর্ঘ চার মাস ধরে মেয়ের খোঁজে কখনও কলকাতায় আসছেন, কখনও আবার অজ্ঞাতপরিচয়ের ফোন পেয়ে ছুটে যাচ্ছেন আসানসোলে। জেলা পুলিশেরও একটি বিশেষ টিম অমৃতার খোঁজ করছে।
মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে অর্ধেন্দু সিংহ জানান, “আপনারা তো দেখছেন এত মাস ধরে নিখোঁজ মেয়েকে খুঁজছি, এত কিছুর পরেও মেয়েকে খুঁজে পাচ্ছি না। কী করব, কোথায় যাব বুঝতেও পারছি না। তাই সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের দরবারে এসেছি। উনি আশ্বাস দিয়েছেন। একটু ধৈর্য রাখতে বলেছেন। এ-ও বলেছেন, সময় লাগলেও পুলিশ আমার মেয়েকে খুঁজে বার করবে।”