মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম অরবিটাল রকেট ‘বিক্রম-১’। শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সেটির উৎক্ষেপণ করা হয়।
প্রাথমিক ভাবে শনিবার সকাল সাড়ে ১১টায় বিক্রম-১ উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু ঠিক পাঁচ মিনিট আগেই তা স্থগিত করে দেওয়া হয়। ঠিক কী কারণে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত, তা স্পষ্ট নয়। তবে সূত্রের খবর ছিল, গোটা বিষয়টিই ‘পরিকল্পিত’। তার পরে দুপুর ১২টা ৫ মিনিটে রকেটটি মহাকাশের উদ্দেশে রওনা দেয়।
শনিবার সকালে ‘বিক্রম-১’ উৎক্ষেপণ নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছেন, ‘ভারতের মহাকাশ যাত্রায় এক নতুন দিগন্ত খুলে গেল! আজ সকাল ১১:৩০ মিনিটে, স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি লঞ্চ ভেহিকেল বিক্রম-১ প্রথম কক্ষপথীয় উৎক্ষেপণ সম্পন্ন করবে। এই অভিযান আমাদের যুবসমাজের মেধা, সংকল্প এবং উদ্যোগী মনোভাবকে তুলে ধরে। সফল উৎক্ষেপণের জন্য স্কাইরুট অ্যারোস্পেসের পুরো টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। বিক্রম-১ যেন ইতিহাস তৈরি করে। সকলকে টিম স্কাইরুটের সাফল্য কামনা করার জন্য আহ্বান জানাচ্ছি।’
‘বিক্রম-১’ সফল হলে নতুন ইতিহাস তৈরি করবে ভারত। এর ফলে ভারত প্রথমবার কোনও বেসরকারি সংস্থার তৈরি রকেটের মাধ্যমে মহাকাশে উপগ্রহ পাঠাবে। এতদিন শুধুমাত্র সরকারি সংস্থা ইসরো মহাকাশে রকেট পাঠাত। কিন্তু এ বার সেই ধারায় বদল আসতে চলেছে। তবে এই অভিযানে নানা ভাবে সহযোগিতা করেছে ISRO।