Big Breaking: রাজারহাটের একটি বাড়িতে বিস্ফোরণ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগানে। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন বলে সূত্রের খবর। তবে প্রাণহানির কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণপুর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, সুতলি বোমা ফেটে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। ঘটনার যৌথ তদন্ত শুরু করেছে নারায়ণপুর এবং রাজারহাট থানার পুলিশ। একই সঙ্গে খতিয়ে দেথা হচ্ছে ওই বাড়ির সিসিটিভি ফুটেজ। সূত্রের খবর, ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে NIA।
স্থানীয় সূত্রে খবর, ওই বাড়িতে দিন কয়েক আগে দু’জন ভাড়ায় এসেছিলেন। তার পরে শুক্রবার রাতে বিস্ফোরণ। দুই নাবালক একটি ব্যাগ নিয়ে ওই বাড়িতে ঢুকেছিল। পুলিশ জানিয়েছে, ওই বাড়ির একটি ঘরে ব্যাগ রেখে তারা বাইরে বেরিয়ে আসে। তার কিছুক্ষণ পরেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ওই বাড়িতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ওই বাড়ির দু’টি ঘর ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণের বিকট শব্দে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশে। ঘটনায় আতঙ্কিত ছড়িয়ে এলাকায়। স্থানীয়দের দাবি, ব্যাগের ভেতরে কী ছিল, তা সম্ভবত দুই নাবালকও জানত না।
নারায়নপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং কারা জড়িত, তা জানার চেষ্টা করছে পুলিশ। এলাকাটি ঘন জনবসতিপূর্ণ হওয়ায় প্রশ্ন উঠছে স্থানীয়দের নিরাপত্তা নিয়ে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকার লোকজন।