বুলডোজ়ার দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙার কাজ শুরু আমতলায়। গোটা এলাকা ঘিরে রয়েছে পুলিশ এবং কেন্দ্রীয়। ঘটনাস্থলে দমকলও।
অভিষেকের সাংসদ কার্যালয় ভাঙার কাজ শুরু হতেই এলাকায় উচ্ছ্বাস শুরু হয়ে যায় বিজেপি কর্মী-সমর্থকদের। ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন তাঁরা। আমতলার বিজেপি বিধায়ক অগ্নীশ্বর নস্করের অভিযোগ, কার্যালয়টি অবৈধ ভাবে তৈরি করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন এলাকার বিডিও এবং বিএলআরও।
শনিবার সকালে এই অভিযান শুরু হয়। গার্ডরেল দিয়ে কার্যালয়টি ঘিরে ফেলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এর পরে দুপুর ১২টা নাগাদ তিনটি বুলডোজ়ার এনে কার্যালয়ের সামনের শেড ভাঙা শুরু করে প্রশাসন। তার পরে শুরু হয় কার্যালয়ের সামনের অংশ ভাঙার কাজ।
প্রশাসনিক সূত্রে খবর, পাঁচতলা কার্যালয়টি অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়াই অবৈধ ভাবে তৈরি করা হয়েছে, এই অভিযোগ ওঠার পরেই সংশ্লিষ্ট পক্ষকে নোটিস পাঠানো হয়েছিল। ডাকা হয়েছিল শুনানিতেও। কিন্তু শুনানিতে কেউ হাজির হননি বলেই অভিযোগ। তার পরেই কার্যালয়টি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব রকম আইনি প্রক্রিয়া মেনেই যাবতীয় পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে।
বিস্তারিত আসছে।