• ছাই হয়ে গেল শেষ সম্বলটুকুও, ময়নায় বিধ্বংসী আগুনে পুড়ে খাক পরপর ৪টি দোকান
    News18 বাংলা | ১৮ জুলাই ২০২৬
  • আবারও রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক দোকান ঘর। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানা এলাকায় একটি বাজারে। গভীর রাত্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্র লেলিহান শিখা এক লহমায় ভষ্মীভূত করে সবকিছু। সারিবদ্ধ ভাবে থাকা পরপর কয়েকটি দোকান পুড়ে ছাই হয়। রাতেই এই ঘটনায় জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আগুন প্রতিরোধে প্রাথমিকভাবে চেষ্টা করেন সাধারণ এলাকাবাসী। কিন্তু আগুনের করাল গ্রাস দেখে ভয়ে পান মানুষ। খবর যায় ময়না থানায়। ঘটনাস্থলে আছে ময়না থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন।

    ময়নায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত চারটি দোকান। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গভীর রাত্রিতে যখন সবাই বাড়িতে ঘুমাচ্ছিলেন, ঠিক তখন ময়নার অন্নপূর্ণা বাজার এলাকায় দোকানে আগুন লাগে। ময়না ব্লকের অন্তর্গত পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্নপূর্ণা বাজারে রাত্রি প্রায় দুটো নাগাদ দোকান পট্টিতে আগুন লেগে যায়। জানা গিয়েছে দুটি ফলের দোকান, একটি খাওয়ার দোকান এবং একটি ছাতার দোকান সম্পূর্ণ আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন লাগার ঘটনা জানাজানি হতেই এলাকার মানুষজন আপ্রাণ চেষ্টা করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। সবশেষে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

    আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া দোকানের মালকিন কবিতা বেরা জানান, “আমার কিছুই নেই। এই দোকান চালিয়ে সংসার চালাই। কখন আগুন লেগেছে জানি না। প্রতিদিনের মত রাতে দোকান বাড়ি চলে গিয়েছি। রাত্রি প্রায় দুটোর পর খবর পাই আগুন লেগেছে। ছুটে ঘটনাস্থলে আসি। দেখি দাউদাউ করে জ্বলছে দোকান ঘর। দোকানের যত মালপত্র ছিল পুড়ে গিয়েছে। দোকানে আমার ১০ হাজারেও বেশি নগদ টাকা ছিল। শনিবার বাজারবার বলে রেখেছিলাম। কিন্তু সব পুড়ে ছাই হয়েছে।” পাশে অন্য একটি বেঁচে যাওয়া দোকান ঘরের মালিক বলেন, “রাতেই খবর পেয়ে ঘুম থেকে উঠে ছুটে আসি। আমার কাপড়ের দোকান ছিল কোনওভাবে দোকানটি বেঁচে গিয়েছে।”

    এলাকাবাসীরা জানান, পুলিশ মারফত দমকলে খবর যায়। কিছুটা দেরিতে হলেও তমলুক থেকে  ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ততক্ষণে ওই চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। তবে আগুন এর বেশি ছড়িয়ে পড়তে দেয়নি দমকল বাহিনী। গভীর রাতে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তার সঠিক কারণ এখনো জানা যায়নি। আগুন লেগে একাধিক দোকান পুড়ে ছাই হওয়াকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটতে পারে। সবমিলিয়ে এই ঘটনা তদন্ত করছে ময়না থানার পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)