বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে অভিষেকের আমতলার অফিস! হাতুড়ি নিয়ে হাত লাগালেন স্থানীয়রাও
News18 বাংলা | ১৮ জুলাই ২০২৬
অর্পণ মণ্ডল, আমতলা: দক্ষিণ চব্বিশ পরগণার আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙতে শুরু করল প্রশাসন৷ এ দিন একাধিক বুলডোজার নিয়ে গিয়ে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয়ের বেআইনি অংশ ভাঙতে শুরু করেছে পুলিশ৷ অভিযোগ, কোনওরকম বিল্ডিং প্ল্যান ছাড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অফিসে বেআইনি নির্মাণ করা হয়েছিল৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙার খবর ছড়িয়ে পড়তেই সেখানে চলে আসেন স্থানীয় বাসিন্দারাও৷ স্বতঃস্ফূর্ত ভাবে তাঁদের মধ্যে অনেকে হাতুড়ি দিয়ে অফিস ভাঙার কাজে হাতও লাগান৷ অভিষেকের অফিস ভাঙার সিদ্ধান্তে দৃশ্যতই খুশি এলাকার বাসিন্দারা৷ তাঁদের অভিযোগ এই অফিস থেকেই এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিলেন তৃণমূল সাংসদ৷ দুষ্কৃতীদের আখড়া হয়ে উঠেছিল ওই অফিস৷
এলাকাবাসীর আরও অভিযোগ, অভিষেক যখনই ওই অফিসে আসতেন তখন স্থানীয় বাসিন্দাদের হয়রানি আরও বাড়ত৷ অফিসের থেকে প্রায় তিন কিলোমিটার আগে থেকে রাস্তায় অন্য যানবাহনের চলাচল বন্ধ করে দিত পুলিশ৷ ফলে হেঁটে যাতায়াত করতে হত মানুষকে৷ এলাকার দখল নিত কয়েক হাজার পুলিশকর্মী৷ দীর্ঘক্ষণ কার্যত অবরুদ্ধ হয়ে থাকত এলাকা৷
সূত্রের খবর, বুলডোজার অভিযান চালানোর আগে দু বার লিপস অ্যান্ড বাউন্ডস-কে নোটিস পাঠিয়েছিল প্রশাসন৷ কিন্তু নোটিস পেয়েও হাজিরা দেননি সংস্থার কোনও প্রতিনিধি৷ তার পরেই আজ সকাল থেকে অফিস ঘিরে ফেলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷ পরে বুলডোজার নিয়ে গিয়ে অফিস ভাঙার কাজ শুরু হয়৷
ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে আমতলার এই অফিসই ছিল অভিষেকের মূল কার্যালয়৷ অভিযোগ, ওই অফিস তৈরি করতে গিয়ে একটি বস্তির জমিও দখল করে নেয় অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস৷ চারতলা অফিস জুড়ে রয়েছে অসংখ্য এয়ার কন্ডিশন মেশিন৷ ফুটপাথ জুড়ে বসানো হয়েছিল বিরাট জেনারেটর৷ এই অফিস থেকেই অভিষেকের বিতর্কিত ডায়মন্ড হারবার মডেলের যাবতীয় পরিকল্পনা তৈরি করা হত বলেই অভিযোগ এলাকার বাসিন্দাদের৷
ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববি বলেন, ‘এটা অবৈধ এমপি-র অবৈধ অফিস৷ মানুষের গণতান্ত্রিক অধিকার যে কেড়ে নিয়েছে এটা তাঁর অফিস৷ এই অফিসের আড়ালেই অপরাধীদের নিয়ে রাজত্ব চালাতো অভিষেক৷ লিপস অ্যান্ড বাউন্ডস-এর নামে এই জমি কিনে চার তলা নির্মাণ করেছিল৷ সেই বেআইনি নির্মাণই আজকে ভাঙার প্রাথমিক কাজ শুরু করল প্রশাসন৷ আর সবশেষে অভিষেককে গারদে পোড়া হবে৷’