• বুক ফুঁড়ে দিল লোহার রড! দ্বারকা এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি চালকের
    এই সময় | ১৮ জুলাই ২০২৬
  • গুরুগ্রামের দ্বারকা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ক্যাব চালকের। দ্রুতগতির ক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা ধাক্কা মারে ছোট ট্রাকের পিছনে। ওই ট্রাকে লোহার রড নিয়ে যাওয়া হচ্ছিল। সংঘর্ষের জেরে লোহার রডগুলি ক্যাবের সামনের কাচ ভেঙে ভিতরে ঢুকে যায়। একটি রড ক্যাব চালকের বুক ফুঁড়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ক্যাব চালকের। এ ছাড়াও, দুর্ঘটনায় গুরুতর জখম হন ওই ক্যাবে থাকা এক মহিলা যাত্রী। শুক্রবার সন্ধেয় দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা চালক ও মহিলা যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।

    সূত্রের খবর, দ্বারকা এক্সপ্রেসওয়ে ধরে ক্যাবটি গুরুগ্রাম থেকে দিল্লির দিকে যাচ্ছিল। ওই একই রাস্তা দিয়ে যাচ্ছিল লোহার রড বোঝাই একটি ট্রাক। ক্যাব চালক নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা ধাক্কা মারে ট্রাকের পিছনে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ক্যাব চালকের।

    পুলিশ জানিয়েছে, ক্যাবের অবস্থা এতটাই খারাপ ছিল, যে চালকের দেহ বের করতে গ্যাস কাটার ব্যবহার করতে হয়। চালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ছাড়াও, গাড়ির ভিতরে থাকা জখম মহিলা যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

    দুর্ঘটনার জেরে দ্বারকা এক্সপ্রেসওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ গাড়ি দু'টিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ট্র্যাফিক পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সত্যপাল যাদব জানিয়েছেন, রড বিঁধে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পুলিশ দু'টি গাড়িই বাজেয়াপ্ত করেছে। একই সঙ্গে এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)