আজকাল ওয়েবডেস্কঃ নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে দিল্লিতে অনশনরত শিক্ষাবিদ ও বিজ্ঞানী সোনম ওয়াংচুককে আজই হাসপাতালে ভর্তি করানো হল সোনাম ওয়াংচুককে। তাঁর আন্দোলনে সমর্থনে এ বার সংহতি জানাল শান্তিনিকেতনের পড়ুয়া থেকে নাগরিকবৃন্দ। দিল্লির আন্দোলনকে কেন্দ্রীয় সরকার অবজ্ঞা করেছে। এমনই অভিযোগ তাঁদের। তাই শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা এবার নিজস্ব পরিমণ্ডলে প্রতিবাদের ডাক দিয়েছে।
জানা গিয়েছে, ১৮ই জুলাই সকাল ১০টা থেকে হিন্দি ভবনের গেটের সামনে হবে প্রতীকী অনশন। ২৪ ঘণ্টা অর্থাৎ এক দিনের জন্য এই প্রতীকী অনশন কর্মসূচির আয়োজন করা হয়েছে। যা চলবে ১৯শে জুলাই সকাল ১০টা পর্যন্ত। এরপর ২০শে জুলাই রতনপল্লীর মাঠ থেকে বোলপুর আদালত পর্যন্ত একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করা হয়েছে।
আন্দোলনকারী ছাত্রছাত্রীদের মতে, এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ আন্দোলন। সুস্থ শিক্ষাব্যবস্থা গড়ে তোলা ও দেশের ভবিষ্যতের স্বার্থেই দলীয় পতাকা ছাড়াই সকলে এতে সামিল হবেন। শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা স্পষ্ট জানিয়েছেন, সংবিধানে দেওয়া গণতান্ত্রিক অধিকার মেনেই তাঁরা এই প্রতিবাদ করছেন। শিক্ষার মানোন্নয়ন ও পরিকাঠামো সুরক্ষায় সরকারকে জবাবদিহি করতে বাধ্য করাই এই সম্মিলিত কণ্ঠস্বরের মূল লক্ষ্য।
অন্য দিকে, গতকাল কলকাতাতেও একাধিক জায়গায় দিল্লির আন্দোলনের সমর্থনে অনশন কর্মসূচির আয়োজন করা হয়। সিপিআইএম-এর ছাত্র সংগঠন এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ শহরের বিভিন্ন স্থানে একদিনের জন্য প্রতীকী অনশনের আয়োজনের করে।
উল্লেখ্য, যন্তরমন্তরে ২০ দিনের অনশনের পরে জলবায়ু এবং সমাজকর্মী সোনম ওয়াংচুককে শনিবার সকালে দিল্লি পুলিশ তুলে নিয়ে গিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করিয়েছে। নিট-এর প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) সমর্থনে ওয়াংচুক এই অনশন করছিলেন।