• রাজ্যপালের নামে প্রতারণা, তদন্তে কলকাতা পুলিশ
    আজকাল | ১৮ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবি নারায়ণ রবির পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তি, উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং বিভিন্ন ব্যক্তিকে ফোন করার অভিযোগে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলের দ্বারস্থ হয়েছে লোকভবন। ঘটনার তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে সাইবার সেলের ডেপুটি কমিশনার প্রদীপ কুমার যাদবের কাছে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে।

    লোকভবন সূত্রে খবর, ৯৮৩৬৫৪০১৬৩ নম্বর থেকে এক ব্যক্তি নিজেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল বলে পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছেন। অভিযোগ, ওই ব্যক্তি রাজ্যপালের নাম ব্যবহার করে বিভিন্ন নির্দেশ, অনুরোধ এবং বার্তা দিচ্ছেন। বিষয়টি সম্প্রতি লোকভবনের নজরে আসতেই প্রথমে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

    অভিযোগপত্রে সংশ্লিষ্ট মোবাইল নম্বরের প্রকৃত গ্রাহক ও ব্যবহারকারীর পরিচয় শনাক্ত করার পাশাপাশি, ওই নম্বরের কল ডিটেলস, ডিজিটাল ট্রেল এবং অন্যান্য ইলেকট্রনিক প্রমাণ সংরক্ষণের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩, তথ্যপ্রযুক্তি আইন, ২০০০ এবং প্রযোজ্য অন্যান্য আইনের অধীনে অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে লোকভবন।

    লোকভবনের অভিযোগে আরও বলা হয়েছে, এই ধরনের পরিচয়ের অপব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে। ঘটনার পিছনে কোনও বৃহত্তর চক্র বা ষড়যন্ত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখতে বলা হয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সমস্ত প্রযুক্তিগত ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সাইবার ক্রাইম সেলকে অনুরোধ করা হয়েছে।

    চিঠিতে বিষয়টির সংবেদনশীলতা এবং সম্ভাব্য নিরাপত্তাজনিত প্রভাবের কথা উল্লেখ করে তদন্তকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি তদন্তের অগ্রগতি ও পুলিশের গৃহীত প্রতিটি পদক্ষেপ সম্পর্কে লোকভবনের সচিবালয়কে নিয়মিতভাবে অবহিত রাখারও অনুরোধ করা হয়েছে।
  • Link to this news (আজকাল)