• নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্করকে রাস্তায় ঘোরাল পুলিশ
    আজকাল | ১৮ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: একসময় যেই এলাকায় বিধানসভার প্রার্থী হয়ে প্রচারে বেড়াতে দেখা গেছিল প্রাক্তন বিধায়ক পুত্র তীর্থঙ্কর ঘোষকে, আজ সেই এলাকাতেই পুলিশ ঘোরালো তাকে! 

    একাধিক মামলার তদন্তে তৃণমূল কংগ্রেসের পানিহাটির প্রাক্তন প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘটনার পুনর্নির্মাণ করল খড়দহ থানার পুলিশ। একসময় যে অমরাবতী এলাকায় বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূলের পতাকা হাতে ঘুরে বেড়িয়েছিলেন তিনি, এদিন সেই এলাকাতেই পুলিশের হেফাজতে তাঁকে নিয়ে ঘোরান হয়।

    কয়েক দিন আগেই তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। তদন্তকারীদের দাবি, একাধিক মামলার সূত্র ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই তদন্তের অংশ হিসেবেই শনিবার পানিহাটির বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে ঘটনাস্থল চিহ্নিতকরণ ও ঘটনার পুনর্নির্মাণ করা হয়।

    প্রসঙ্গত, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ এবার তৃণমূলের টিকিটে বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী তথা 'অভয়ার মা' রত্না দেবনাথের কাছে বড় ব্যবধানে পরাজিত হন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসে। অভিযোগের মধ্যে রয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসায় জড়িত থাকার বিষয়। পাশাপাশি, এক গাড়িচালক লটারিতে কোটি টাকা জেতার পর সেই অর্থ জোর করে কেড়ে নেওয়ার অভিযোগেও তাঁদের নাম উঠে আসে। বহুচর্চিত ওই লটারি মামলায় দীর্ঘদিন ধরেই বাবা-ছেলেকে খুঁজছিল পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হলেও প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ পুলিশের খাতায় এখনও পলাতক। তাঁর খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তদন্তকারীদের দাবি, মামলার তদন্ত যত এগোবে, ততই আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। এদিন তীর্থঙ্কর ঘোষকে এলাকায় নিয়ে আসতেই বহু মানুষ ভিড় করেন। উপস্থিত জনতার একাংশ তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে 'চোর চোর' স্লোগান দিতে থাকেন। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পুলিশী নিরাপত্তার মধ্যে রেখেই তীর্থঙ্করকে এদিন ঘোরানো হয়।
  • Link to this news (আজকাল)