আজকাল ওয়েবডেস্ক: ক্লাসরুমে মোবাইল ব্যবহারের উপর এ বার জারি নিষেধাজ্ঞা। রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার অনুমোদিত স্কুলগুলির জন্য নয়া নির্দেশ জারি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। রাজ্যের সরকারি স্কুলগুলিতে পড়ুয়ারা যাতে ক্লাসরুমে কোনও মোবাইল ফোন নিয়ে না ঢোকে এবং ব্যবহার না করে, সেই নিয়েই কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিক্ষা সংসদের দাবি, পড়াশোনায় মনোযোগ বাড়াতে এবং স্কুলে শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল চলাকালীন পড়ুয়ারা কোনও ফোন ব্যবহার করতে পারবে না। বিশেষত, ক্লাসরুমে পঠনপাঠন, পরীক্ষা, সমাবেশ বা অন্য কোনও শিক্ষামূলক কার্যক্রম চলাকালীন পড়ুয়ারা কোনও মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। এমনকি স্কুলে ফোন নিয়েও আসতে পারবে না।
যদি কোনও জরুরি কারণে মোবাইল সঙ্গে রাখার প্রয়োজন পড়ে, তা হলে স্কুলের প্রধান শিক্ষকের আগাম অনুমতি লাগবে। কোনও পড়ুয়া দূর থেকে স্কুলে যাতায়াত করলে বা চিকিৎসার মতো জরুরি কারণে স্কুলে মোবাইল আনলে, তা বন্ধ করে বা 'সাইলেন্ট মোড'-এ রাখতে হবে। যদি একান্ত ব্যবহার করতেই হয়, তা হলে লাগবে স্কুল কর্তৃপক্ষের অনুমতি।
এ ছাড়া, নির্দেশিকা অনুযায়ী, স্কুল কর্তৃপক্ষ প্রয়োজন বুঝে পড়ুয়াদের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নিরাপদে জমা রাখার জন্য বিশেষ পদক্ষেপ করতে পারে। এ ছাড়া, বৈদ্যুতিন যন্ত্র দায়িত্বশীল এবং যথাযথ ভাবে ব্যবহারের জন্য স্কুল পড়ুয়াদের সচেতন করার জন্য কাউন্সেলিংয়ের পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষকশিক্ষিকাদের।
একইসঙ্গে নির্দেশিকার অভিভাবকদের উদ্দেশে জরুরি পরিস্থিতি ছাড়া সন্তানদের স্কুলে পাঠানোর সময় মোবাইল ফোন না দেওয়ার অনুরোধ করা হয়েছে। জরুরি প্রয়োজনের ক্ষেত্রে অভিভাবকদের সরাসরি স্কুলের অফিসে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।
পাশাপাশি, সমস্ত স্কুলকে পড়ুয়া এবং অভিভাবকদের এ বিষয়ে সচেতন করার পরামর্শ দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা, ডিজিটাল সুস্থতা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা দিতে স্কুলগুলিকে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি করার জন্য উৎসাহিত করা হয়েছে।