অগাস্টে আয়ুষ্মান কার্ড হাতে পাবেন তো? জানতে এভাবে করুন স্ট্যাটাস চেক; e-KYC
আজ তক | ১৮ জুলাই ২০২৬
শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ। আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যবাসীর হাতে এই কার্ড এসে পৌঁছবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিজের হাতে কার্ড বিতরণের শুভ সূচনা করার কথা রয়েছে। এই উদ্যোগে রাজ্যে প্রথম দফায় প্রায় ৫০ লক্ষ যোগ্য উপভোক্তা স্বাস্থ্য বিমার কার্ড হাতে পাবেন।
উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। জানা যাচ্ছে এখনও পর্যন্ত ১০ লক্ষেরও বেশি উপভোক্তার আধার যাচাই সম্পূর্ণ হয়েছে। বাকি আরও ৪০ লক্ষ। যারা মৃত, SIR তালিকায় নাম নেই এমন প্রায় সাড়ে ৭ হাজার নাম বাতিল করা হয়েছে। রাজ্যের মোট সাড়ে ৬ কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।
আয়ুষ্মান ভারত কার্ড থেকে বঞ্চিত হলে কী করবেন?
আগের সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নথিভুক্ত ছিলেন প্রায় ৮ কোটি ৭৫ লক্ষ মানুষ। এবার ২ কোটির একটু বেশি মানুষ বাদ যেতে চলেছেন এই প্রকল্প থেকে। যারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না তাদের দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। কারণ, বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী, যে পরিবারগুলি আয়ুষ্মান ভারত প্রকল্পের যোগ্য হবেন না তারা রাজ্যের ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’ পাবেন। এই প্রকল্প শীঘ্রই আসতে চলেছে। এর আওতায় আসবেন রাজ্যের প্রায় ২ কোটি মানুষ। তারা বিনামূল্যে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবেন। এর জন্য খুব শীঘ্রই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।
এবার জানুন আয়ুষ্মান ভারত কার্ডের যে ফর্ম ফিলআপ করেছেন, তা গৃহীত হয়েছে কিনা কীকরে বুঝবেন। অনলাইনে স্ট্যাটাস চেক করার পদ্ধতি জেনে নিন।
অনলাইনে স্ট্যাটাস চেক পদ্ধতি
আয়ুষ্মান কার্ড কবে হাতে পাবেন তা জানতে PMJAY পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করুন।
সবুজ টিক: পোর্টালে নামের পাশে যদি সবুজ রঙের টিক চিহ্ন থাকে এবং ‘Verified’ লেখা থাকে, তবে নতুন করে আর কিছু করতে হবে না। এর মানে আপনার ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে। স্টেট ভেরিফিকেশন হয়ে গেলেই কার্ড ডাউনলোড করতে পারবেন।
গেরুয়া টিক: নামের পাশে গেরুয়া টিক থাকলে ‘Identified’ লেখা থাকলে ‘Do e-KYC to create Ayushman card’ অপশনে ক্লিক করুন। এরপর আধার ওটিপি (Aadhaar OTP), ফেস স্ক্যান বা আঙুলের ছাপ নিয়ে খুব সহজে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারেন।
লাল টিক: যাদের নামের পাশে লাল টিক এবং ‘Unidentified’ লেখা দেখা যাচ্ছে, তারা দেখে নিন আপনার ডকুমেন্টে কোনও গণ্ডগোল রয়েছে কিনা। আধার কার্ড ও রেশন কার্ডের নামের বানানে অমিল থাকলে লাল টিক লাগবে। তবে অনলাইনে এই সমস্যার সমাধান করা যাবে না। নিকটবর্তী CSC সেন্টার (Common Service Center) অথবা এলাকার আশা কর্মীদের (ASHA) সঙ্গে যোগাযোগ করুন। তারাই বায়োমেট্রিক পদ্ধতিতে ই-কেওয়াইসি করিয়ে দেবেন।
তাই আয়ুষ্মান কার্ড পাওয়ার জন্য তাড়াতাড়ি স্ট্যাটাস চেক করে নিন ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা।