স্কুল পড়ুয়াদের মোবাইল ব্যবহারে রাশ টানতে কড়া পদক্ষেপ, জারি নির্দেশিকা
দৈনিক স্টেটসম্যান | ১৮ জুলাই ২০২৬
বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্ত। স্কুল পড়ুয়া থেকে শুরু করে চাকুরিজীবী, দিনের অধিকাংশ সময় তাদের চোখ থাকে মোবাইলের ওই ছোট স্ক্রিনে। এখন অনেক পড়ুয়াকেই স্কুলে মোবাইল ফোন নিয়ে যেতে দেখা যায়। এবার পড়ুয়াদের স্কুল চত্বরে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে নির্দেশিকা জারি করা হল। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ এই নতুন নির্দেশিকা জারি করেছে। তবে কিছু কিছু ছাত্র-ছাত্রী এই নির্দেশিকার আওতায় পড়বে না। কী রয়েছে নতুন নির্দেশিকায়?
নতুন নির্দেশিকা অনুযায়ী, স্কুল চলাকালীন কোনও পড়ুয়া ক্লাসে, পরীক্ষাকেন্দ্র-সহ বিভিন্ন শিক্ষামূলক কাজে মোবাইল ফোন আনতে পারবে না। আর আনলেও তা ব্যবহার করতে পারবে না। তবে কয়েকটি ক্ষেত্রে ছাড় রয়েছে। নির্দেশিকা অনুযায়ী, যদি কোনও পড়ুয়ার চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি, দীর্ঘ দূরত্বে যাতায়াতের মতো কোনও সমস্যা থাকে, তাহলে সে স্কুলে মোবাইল ফোন নিয়ে আসতে পারবে। কিন্তু সেক্ষেত্রে তাকে কিছু শর্ত মানতে হবে।
জরুরি পরিস্থিতির কারণে যদি কোনও পড়ুয়া স্কুলে মোবাইল নিয়ে আসতে চায়, তাহলে তাকে আগে প্রধান শিক্ষকের অনুমতি নিতে হবে। স্কুলে মোবাইল নিয়ে আসার পর সেটি সাইলেন্ট মোডে বা সুইচ অফ করে রাখতে হবে। তবে নির্দেশিকায় এর পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ বা জরুরি পরিস্থিতি ছাড়া অভিভাবকরা যাতে সন্তানদের মোবাইল ফোন নিয়ে স্কুলে না পাঠান, সেই বিষয়ে সতর্ক করা হয়েছে। সেক্ষেত্রে জরুরি প্রয়োজনে অভিভাবকদের স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এই জন্য শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শ দেওয়া হয়েছে যাতে তাঁরা ছাত্রছাত্রীদের দায়িত্বশীল ও নৈতিক ডিজিটাল ব্যবহার সম্পর্কে সচেতন করেন। এর আগে বহুবার অনেক ছাত্রছাত্রীকে স্কুলের মধ্যে লুকিয়ে স্মার্টফোন নিয়ে এসে ব্যবহার করতে দেখা গিয়েছে। ধরা পড়ার পরে ওই ছাত্রছাত্রীকে উপযুক্ত শাস্তি দিতেও দেখা যেত। অনেকে মনে করছেন, এবার পড়ুয়াদের এইসব কর্মকাণ্ডে রাশ টানতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ এই পদেক্ষেপ নিল।