• ‘দুর্ঘটনা নিয়ে রাজনীতি নয়’ একসঙ্গে মৃতদের পরিবারের পাশে বাম-বিজেপি বিধায়ক
    দৈনিক স্টেটসম্যান | ১৮ জুলাই ২০২৬
  • মুর্শিদাবাদের গোবিন্দপুরে ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণ হারানো পড়ুয়াদের পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে রাজনৈতিক সৌজন্যের নজির দেখা গেল। শনিবার মৃতদের বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে একসঙ্গে দেখা গেল বিজেপির বেলডাঙার বিধায়ক ভরত ঝাওর এবং সিপিআইএমের ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমানকে। শোকের এই মুহূর্তে রাজনৈতিক বিভাজন ভুলে দুই জনপ্রতিনিধির একসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

    শনিবার সকালে পৃথকভাবে দুর্ঘটনায় মৃতদের বাড়িতে যান দুই বিধায়ক। পরে এলাকায় তাঁদের দেখা হলে একসঙ্গেই একাধিক পরিবারের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিজনদের সান্ত্বনা দেন।ভরত ঝাওরের বক্তব্য, এমন মর্মান্তিক ঘটনায় রাজনৈতিক মতভেদকে সামনে আনা উচিত নয়। মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। অন্যদিকে, মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনা বা বিপদের সময়ে জনপ্রতিনিধিদের একসঙ্গেই মানুষের পাশে থাকা উচিত।

    রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিকতার পরিচয় দেওয়াই তাঁদের কর্তব্য। উল্লেখ্য, শুক্রবার সকালে মুর্শিদাবাদের গোবিন্দপুরে কাটোয়া-আজিমগঞ্জ রেল শাখায় একটি পুলকারকে ট্রেন ধাক্কা দিলে চার পড়ুয়া ও এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত তিন পড়ুয়া ও পুলকারের চালক বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)