এবার এলাকায় ঘোরানো হল প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে গ্রেপ্তার হওয়া তীর্থঙ্কর ঘোষকে (Tirthankar Ghosh)। শনিবার সকালে পানিহাটি এলাকায় তাঁকে ঘোরাল পুলিশ। তীর্থঙ্করকে দেখে উঠল ‘চোর চোর’ স্লোগান। বাবা পলাতক নির্মল ঘোষকেও (Nirmal Ghosh) গ্রেপ্তারের দাবি উঠেছে। দিন কয়েক আগেই গ্রেপ্তার হয়েছেন তীর্থঙ্কর। এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন।
এবারের বিধানসভা নির্বাচনে তীর্থঙ্কর ঘোষকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। অভয়ার মা রত্না দেবনাথ বিজেপির হয়ে ওই কেন্দ্রেই প্রার্থী হন। রত্নার কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন তীর্থঙ্কর। রাজ্যে পালাবদলের পরই বাবা ও ছেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসতে থাকে। ২০২১ সালের বিধানসভা ভোটে জয়ের পর রাজ্যে রাজনৈতিক হিংসায় নাম জড়ায় তীর্থঙ্কর ঘোষের। এছাড়া গাড়িচালক লটারিতে কোটি টাকা জেতার পর সেই অর্থ কেড়ে নেওয়ার অভিযোগেও বিদ্ধ হন নির্মল ঘোষ ও ছেলে। সেই লটারি মামলায় তাঁদের খুঁজছিল পুলিশ।
বাবার হাত ধরেই রাজনীতিতে আগমন পানিহাটি এলাকায় ‘পুচিদা’ নামে পরিচিত তীর্থঙ্কর ঘোষের। তাঁর বাবা নির্মল ঘোষ সেখানকার বহুদিনের জনপ্রিয় নেতা, বেশ কয়েকবারের বিধায়ক। পানিহাটি-সহ আশপাশের এলাকায় নির্মলবাবুর বেশ দাপট ছিল। সেই সঙ্গে ছিল হাজার হাজার অভিযোগ। সোদপুরের অমরাবতীর মাঠ থেকে শুরু করে একাধিক জমি দখলের মতো অভিযোগ জমা পড়লেও পুলিশ পদক্ষেপ করেনি। ছাব্বিশের বিধানসভা ভোটে নির্মল ঘোষ নিজে আর প্রার্থী হননি। তাঁর বদলে ছেলে তীর্থঙ্কর পানিহাটির তৃণমূল প্রার্থী হন। ২০২১ সালের ১৮ এপ্রিল পানিহাটির বিজেপি নেতা জয় সাহার অমরাবতী দক্ষিণায়ণের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটায় তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা। সেই ঘটনায় নাম জড়ায় তীর্থঙ্করের।
পুলিশ খুঁজতে শুরু করলেই গা ঢাকা দেন তিনি। শেষপর্যন্ত গত সপ্তাহেই খড়দহ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিন সকালে পানিহাটি এলাকায় পুলিশ তীর্থঙ্কর ঘোষকে ঘোরাল। এলাকায় প্রচুর সংখ্যায় পুলিশ ছিল। যদিও তীর্থঙ্করকে দেখে ক্ষোভ চাপতে পারেনি এলাকার বাসিন্দাদের বড় অংশ। ‘চোর চোর’ স্লোগান ওঠে। বাবাকেও গ্রেপ্তারের দাবি উঠেছে। এই মুহূর্তে নির্মল ঘোষ গা ঢাকা দিয়ে রয়েছেন।