• দুর্ঘটনা নিয়ে আমরা ওরা নয়! বাম বিধায়ককে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদে মৃতদের বাড়িতে বিজেপি বিধায়ক
    প্রতিদিন | ১৮ জুলাই ২০২৬
  • দুর্ঘটনা নিয়ে রাজনীতি নয়! মুর্শিদাবাদের গোবিন্দপুরে দুর্ঘটনায় (Murshidabad Accident) মৃত পড়ুয়াদের পরিবারকে সমবেদনা জানাতে একসঙ্গে দেখা গেল দুই দলের দুই বিধায়ককে। একজন সিপিআইএমের বিধায়ক ও আর একজন বিজেপি বিধায়ক। তাঁদের দাবি, এরকম অপ্রীতিকর পরিস্থিতিতে রাজনীতি হয় না। সকলে মিলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য। শনিবার সকালে এই সৌজন্যতা দেখে আপ্লুত এলাকার বাসিন্দারা।

    শনিবার সকালে বেলডাঙা এলাকার বিজেপি বিধায়ক ভরত ঝাওর মৃতদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারকে সমবেদনা জানান। ওই একই সময়ে এলাকায় ছিলেন ডোমকলের সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান। তিনিও মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন জেলা সম্পাদক জামির মোল্লা। সেই সময় রাস্তায় দুই বিধায়কের দেখা হয়। এরপর তাঁরা একসঙ্গে মৃতদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন। জানা গিয়েছে, প্রথমে মৃত তামান্নার বাড়িতে ঢুকেছিলেন মোস্তাফিজুর রহমান। তারপরেই বিজেপি বিধায়ক ভরতের সঙ্গে তাঁর দেখা হয়ে যায়। এরপরই একসঙ্গেই পরিবারগুলির সঙ্গে দেখা করতে যান তাঁরা।

    এবিষয়ে ভরত ঝাওর বলেন, “এরকম ঘটনা ঘটলে রাজনীতি করলে হয় না। মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি (মুস্তাফিজুর) আমার পরিচিত। ডোমকলের বিধায়ক। তাঁর প্রতি আমার সম্মান রয়েছে। আমি ওঁনাকে ডেকে নিলাম। বললাম, চলুন একসঙ্গে যাই।” সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর বলেন, “এতদিন সৌজন্যতা ছিল না। এখন তা দেখাতে হবে। একটা দুর্ঘটনা ঘটেছে। এখানে রাজনীতির কোনও ব্যাপার নেই। তিনিও একজন বিধায়ক। আমিও জনপ্রতিনিধি। আমাদের দুজনেরই দায়িত্ব কোনও মানুষ বিপদে পড়লে তাঁর পাশে গিয়ে দাঁড়ানো। “

    উল্লেখ্য, শুক্রবার সকালে কাটোয়া আজিমগঞ্জ শাখায় রেল লাইনের বহরমপুর থানার গোবিন্দপুর এলাকায় রেলগেটে মধ্যে একটি পুলকারে ধাক্কা মারে ট্রেন। ঘটনায় মৃত্যু হয়েছে চার পড়ুয়া ও এক সাইকেল আরোহীর। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ পড়ুয়া ও পুলকারের চালক।
  • Link to this news (প্রতিদিন)